বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ২৪টি স্টারলিঙ্ক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা বেজে ৫ মিনিটে ফ্যালকন ৯ রকেটটি ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্সের পৃথিবীব্যাপী সাশ্রয়ী ইন্টারনেট সংযোগ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় নয় মিনিট পরই স্টারলিঙ্ক গ্রুপ ১৭-৪ মিশন কক্ষপথে পৌঁছে। খবর গ্যাজেট৩৬০
রকেটের প্রথম ধাপের বুস্টার বি১০৯৩ পঞ্চমবারের মতো উৎক্ষেপণ সম্পন্ন করে নিরাপদে প্রশান্ত মহাসাগরের ড্রোনশিপ অব কোর্স আই স্টিল লাভ ইউ-তে অবতরণ করে। বি১০৯৩ এর আগের সব মিশনই স্টারলিঙ্ক নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত হয়েছে। স্তর পৃথকীকরণের পর, রকেটের উপরের অংশের একক মার্লিন ইঞ্জিন থেকে প্রায় এক ঘণ্টার মধ্যে ২৪টি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়।
এই উৎক্ষেপণ ছিল ২০২৫ সালে স্পেসএক্সের ৯৮তম ফ্যালকন ৯ মিশন এবং ২০১০ সাল থেকে ৫১৬তম ফ্যালকন ৯ ফ্লাইট। এটি ফ্যালকন ৯-এর প্রথম পর্যায়ের ৪৫২তম পুনঃব্যবহার এবং কোম্পানির ৪৮৭তম বুস্টার অবতরণেরও সাক্ষী।
এই মিশনের মাধ্যমে স্পেসএক্সের সক্রিয় স্টারলিঙ্ক নেটওয়ার্কের স্যাটেলাইট সংখ্যা ৮ হাজার ১০০ টিরও বেশি হয়েছে। ২০১৮ সাল থেকে প্রায় ৯ হাজার ৪০০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্টারলিঙ্ক ইতোমধ্যেই প্রায় ১৩০টি দেশ ও অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদান করছে। স্পেসএক্স ভবিষ্যতে ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পুরো বিশ্বে কভারেজ নিশ্চিত করার পরিকল্পনা করছে।









