ব্যক্তিগত নিরাপত্তা ব্যয় বাড়াচ্ছেন মেটা, অ্যালফাবেট ও এনভিডিয়ার মতো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের আরো দৃশ্যমান ও সক্রিয় হতে দেখা যাচ্ছে। পাশাপাশি অনলাইনে বেড়েছে তাদের লক্ষ্য করে বিরূপ বা নেতিবাচক মনোভাবের প্রদর্শন। এ দুই কারণে কোম্পানিগুলো আগের তুলনায় নিজেদের ও কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে ১০টি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) নিরাপত্তা ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৫০ লাখ ডলারের বেশি। অ্যালফাবেট, অ্যামাজন, মেটা, এনভিডিয়া ও প্যালান্টির গত বছরের তুলনায় নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়েছে ১০ শতাংশেরও বেশি।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে নিরাপত্তা ব্যয়ে শীর্ষে রয়েছে মেটা। ২০২৪ সালে মার্ক জাকারবার্গ ও তার পরিবারের ব্যক্তিগত নিরাপত্তায় কোম্পানিটি খরচ করেছে ২ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি। আগের বছর এর পরিমাণ ছিল ২ কোটি ৪০ লাখ ডলার। এ খরচের মধ্যে তাদের বাসভবন ও ভ্রমণের সময়ের নিরাপত্তাও অন্তর্ভুক্ত।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে করপোরেট নির্বাহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বড় ধরনের হামলার পর চলতি বছর প্রযুক্তি কর্মকর্তাদের নিরাপত্তা ব্যয় ও হুমকি নিয়ে উদ্বেগ বেড়েছে।

হ্যামিল্টন সিকিউরিটির প্রতিষ্ঠাতা ও সাবেক এফবিআই কর্মকর্তা জেমস হ্যামিল্টন বলেন, ‘আজকের মতো এত বেশি হুমকি ও উদ্বেগ আমি আগে কখনো দেখিনি। মানুষ এখন প্রতিষ্ঠানের প্রধানকেই বিশ্বের সব সমস্যার কারণ হিসেবে দেখে।’

হ্যামিল্টন আগে গ্যাভিন ডি বেকার অ্যান্ড অ্যাসোসিয়েটসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রতিষ্ঠানটি ধনকুবের ইলোন মাস্ক ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জন্যও ব্যক্তিগত নিরাপত্তা সেবা দিয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গত বছর লুইজি ম্যানিওনের বিরুদ্ধে ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। পরে দেখা যায়, অনলাইনে অনেক মানুষ লুইজিকে সমর্থন করছে। এ ঘটনা ব্যবসায়িক নেতাদের আতঙ্কিত করে। তাই বিভিন্ন কোম্পানি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ফের পর্যালোচনা করতে বাধ্য হয়।

বিশেষজ্ঞরা আরো জানান, গত জুলাইয়ে নিউইয়র্কের একটি অফিস ভবনে বন্দুক হামলায় চারজন নিহত হওয়ার পর নিরাপত্তা চাহিদা আবারো বেড়ে যায়। শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ফুটবল লিগের সঙ্গে এক বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছিল।

ইকুইলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২৪ সালের মধ্যে নির্বাহীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে প্রযুক্তি খাতে, যা ৭৩ দশমিক ৫ শতাংশ।