প্রযুক্তি দুনিয়ায় প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ অবস্থানে পরিণত হচ্ছে ভারত। দেশটির অধিক জনসংখ্যা পণ্য ও পরিষেবা বিস্তৃতিতে সহায়তা করে। এ কারণে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল থেকে শুরু করে ফক্সকনও বিনিয়োগ করেছে এবং উৎপাদন কারখানা স্থাপনের কথা ভাবছে। মটোরোলও ভারতে বিনিয়োগ করেছে। কয়েক বছরের মধ্যে এ বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।

স্মার্টফোনের বাজারে শীর্ষ তিনে উঠে আসার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠান। মটোরোলা মবিলিটির প্রেসিডেন্ট ও লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জিও বুনিয়াক। সম্প্রতি ভারতের জন্য কোম্পানির পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন তিনি। বুনিয়াক জানান, চলতি বছরের মধ্যেই ভারতে বাজার দ্বিগুণ করতে চায় মটোরোলা এবং ২০২৬ সালের মধ্যে তা চার গুণ ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে ভারতসহ বেশকিছু দেশে কোম্পানিটি গবেষণা ও উন্নয়নে বড় বিনিয়োগ করছে।

বুনিয়াক বলেন, ‘‌অনলাইনে গত বছরের তুলনায় আমাদের বিক্রি দ্বিগুণ বেড়েছে। এ খাতে অবনমন থাকলেও আমাদের ৪৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।’

প্রযুক্তিবিশারদ ও বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে কার্যক্রম পরিচালনা করা মটোরোলার জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে চীনের স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য। কেননা এসব প্রতিষ্ঠান ভারতে ৭০ শতাংশ বাজার দখলে রেখেছে।