দীর্ঘ এক দশক পর ইউটিউব তাদের ‘ট্রেন্ডিং পেজ’ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। এক সময়ের জনপ্রিয় পেজটি ব্যবহারকারীদের জন্য ছিল ভাইরাল ভিডিও, খবর ও নতুন মিউজিক ভিডিও দেখার মূল জায়গা। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ইউটিউব এখন ব্যক্তিকেন্দ্রিক কনটেন্ট প্রদর্শনে আরো গুরুত্ব দিচ্ছে। খবর ইন্ডিয়া টুডে।
২০১৪ সালে চালু হওয়া ট্রেন্ডিং ট্যাবটি ইউটিউবের সবচেয়ে আলোচিত ভিডিওগুলো এক জায়গায় তুলে ধরত। এ তালিকায় থাকত ভাইরাল ক্লিপ, তাৎক্ষণিক সংবাদ, জনপ্রিয় গানের ভিডিও ও বিনোদনের নানা বিষয়। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ইউটিউবের হোমপেজেই ব্যবহারকারীরা তাদের আগ্রহ অনুযায়ী ভিডিও পাচ্ছেন, ফলে ট্রেন্ডিং পেজের প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে।
ইউটিউব আনুষ্ঠানিকভাবে বন্ধের কারণ না জানালেও প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, দর্শকের আচরণে পরিবর্তন ও প্রযুক্তিগত উন্নতির কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন অনেক ব্যবহারকারী ইউটিউবের হোমপেজ থেকেই নিজের পছন্দমতো কনটেন্ট খুঁজে নেন। ফলে ট্রেন্ডিং পেজে আলাদা করে যাওয়ার চাহিদা কমে গেছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো সহজ ও সুবিধাজনক করতে তারা কাজ করছে।










