যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় খাদ্য সহায়তা পাঠাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রোবটের ব্যবহার শুরু করবে জাতিসংঘ। এ ধরনের কাজে জড়িত কর্মীদের জীবন বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্স।
জাতিসংঘের তথ্যানুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্প্রতিক বছরগুলোয় সহায়তার কাজে সম্পৃক্ত কর্মীদের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। জাতিসংঘের খাদ্য সহায়তা এজেন্সি ডব্লিউএফপি চলতি বছরের শুরুতে সুদানে সংঘটিত সহিংসতায় তিন কর্মী হারিয়েছে।
ডব্লিউএফপি উদ্ভাবন বিভাগের প্রধান বার্নহার্ড কোওয়াটস বলেন, ‘বিভিন্ন সময়ে ড্রাইভার বা প্রতিষ্ঠানের কোনো কর্মীকে পাঠানো জটিল হয়ে পড়ে। তাই এ প্রযুক্তির ব্যবহার সমস্যা সমাধানে আমাদের অনেকটাই সাহায্য করবে।’
ক্ষুধা দূর করতে জাতিসংঘের উদ্যোগ বাস্তবায়নের এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে কোওয়াটস এ কথা জানান। জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এ সম্মেলনের আয়োজন করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, যেসব ট্রাক রোবট ব্যবহার করা হবে সেগুলোর প্রত্যেকটি ১ থেকে ২ টন খাবার বহনে সক্ষম। ২০১২-১৬ পর্যন্ত সিরিয়ার আলেপ্পোকে ঘিরে পরিচালিত যুদ্ধে প্রথম এ পদ্ধতি ব্যবহারের চিন্তা করা হয়। সে সময় মানবিক কাজের সঙ্গে সম্পৃক্তরা শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে সহায়তা পৌঁছে দিতে সমস্যার সম্মুখীন হয়েছিল। কোওয়াটস জানান, সিরিয়ার ওই অংশে এয়ারড্রপের মাধ্যমে খাবার ও সহায়তা পৌঁছে দেয়া খুবই ব্যয়বহুল এবং সেখানে এর উপস্থিতিও ছিল না।










