অবশেষে মুক্তি পেল জনপ্রিয় অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম অ্যাসাসিনস ক্রিড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সংস্করণ অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ। উন্মোচনের প্রথম দিনই গেমটির সব প্লাটফর্ম ১০ লাখের বেশি গেমার অর্জন করেছে বলে জানিয়েছে নির্মাতা ইউবিসফট। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

অ্যাকশন-আরপিজি গেমটির প্রাথমিক বিক্রির পরিসংখ্যান প্রকাশ না করলেও কোম্পানি জানিয়েছে যে এটি মুক্তির দিনই চিত্তাকর্ষক মাইলফলক ছুঁয়েছে। ফরাসি ভিডিও গেম ডেভেলপার ইউবিসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গেমারদের ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেছে, মুক্তির দিনই অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ খেলেছে এক মিলিয়নের বেশি খেলোয়াড়। গতকাল পর্যন্ত এতে যোগ দিয়েছে ২০ লাখ গেমার।

যদিও ইউবিসফট নির্দিষ্ট বিক্রয় সংখ্যার তথ্য প্রকাশ করেনি, তবে এসব গেমার পিসি (স্টিম, ইউবিসফট কানেক্ট ও অন্যান্য প্লাটফর্ম), প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এস/এক্স-এ গেমটি খেলেছে।

ডিজিটাল গেম ডিস্ট্রিবিউশন প্লাটফর্ম স্টিমের সবচেয়ে বেশি বিক্রিত গেমের চার্ট দেখলে অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজের বিক্রয় সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। আয়ের ভিত্তিতে প্লাটফর্মে বর্তমানে শীর্ষ ১০০টি বিক্রিত গেমের তালিকায় অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ শীর্ষে রয়েছে, যা সর্বাধিক বিক্রির ইঙ্গিত দেয়।

দুই দফায় বিলম্বিত হওয়ার পর অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ ২০ মার্চ পিসি, পিএস৫ ও এক্সবক্স সিরিজ এস/এক্স-এ মুক্তি পেয়েছে। ইউবিসফটের সাম্প্রতিক দুটি ত্রিপল এ গেম ‘অ্যাভাটার: ফ্রন্টিয়ার্স অব পান্ডোরা’ ও ‘স্টার ওয়ার্স আউটলস’ প্রত্যাশার চেয়ে কম বিক্রির পর কোম্পানিটি নতুন অ্যাসাসিনস ক্রিড গেমটি ২০২৪ সালের নভেম্বরে মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়।

গত এক বছর আর্থিক সমস্যার মুখে পড়া ইউবিসফটের জন্য অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজের সফলতা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন গেমসংশ্লিষ্টরা।

অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজ এ সিরিজের প্রথম গেম, যেখানে গেমের গল্প, চরিত্র ও পরিবেশ হবে জাপানভিত্তিক। খেলোয়াড়রা গেমের মধ্যে জাপানি ইতিহাস, স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতির অভিজ্ঞতা পাবে।