স্যামসাং নিজেদের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফোল্ডেবল প্রযুক্তির নতুন ডিভাইসটি স্মার্টফোনের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর গিজচায়না।
কোরিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ইনফরমেশন সার্ভিসে সম্প্রতি প্রকাশিত একটি পেটেন্ট (আইনি নিরাপত্তা, যা নতুন উদ্ভাবনকে কপি থেকে রক্ষা করে) নথিতে ফোনটির নতুন কিছু তথ্য সামনে এসেছে। এতে দেখা যায়, সম্ভাব্য গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড নামের ডিভাইসটিতে থাকবে তিনটি পৃথক ব্যাটারি।
পেটেন্টে প্রকাশিত নকশা অনুযায়ী, ফোনটি তিনটি সংযুক্ত প্যানেলে বিভক্ত এবং প্রতিটি অংশে আলাদা ব্যাটারি থাকবে। সবচেয়ে ছোট ব্যাটারি ইউনিট ‘টি ওয়ান’ থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা বসানোর স্থানে। দ্বিতীয় ব্যাটারি ‘টি থ্রি’ থাকবে কাভার ডিসপ্লে অংশে। সবচেয়ে বড় ব্যাটারি ‘টি টু’ বসানো হয়েছে ফোনটির মাঝের অংশে, যেটি ফোল্ডের সময় মাঝখানে থাকে।
যদিও মোট ব্যাটারি সক্ষমতা বা চার্জিং সম্পর্কে পেটেন্ট নথিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তিনটি ব্যাটারি ব্যবহারের ফলে ডিভাইসটির চার্জ সাশ্রয়ী হবে, কর্মক্ষমতা বাড়বে এবং এটি হাতে ধরতেও সহজ হবে।
এছাড়া ভাঁজ করলে ফোনটি ছোট ও কম জায়গা নেবে, আবার খোলা অবস্থায় এটি ট্যাবলেটের মতো বড় স্ক্রিনে রূপ নেবে। পেটেন্টে আরো দেখা গেছে, স্মার্টফোনটি বারবার ফোল্ড করার পরও টেকসই রাখতে উন্নত হিঞ্জ (ফোল্ড ব্যবস্থা) সিস্টেম ব্যবহার করা হয়েছে।
স্যামসাংয়ের বর্তমানে ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফোল্ড সেভেনে রয়েছে ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ২৫ ওয়াট তারযুক্ত চার্জিং সুবিধা। তাই ভোক্তারা আশা করছেন, ট্রাই-ফোল্ড ফোনে শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা মিলবে।
যদিও স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে ফোনটি উন্মোচনের তারিখ ঘোষণা করেনি। তবে কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে বাজারে আসতে পারে নতুন ডিভাইসটি।
প্রথমে এটি দক্ষিণ কোরিয়া ও চীনে উন্মুক্ত হতে পারে। তবে অন্য কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে পারে।
এদিকে স্যামসাং চলতি মাসে প্রতিষ্ঠানটির প্রথম অ্যান্ড্রয়েড এক্সআর হেডসেট ‘প্রজেক্ট মুহান’ উন্মোচন করতে যাচ্ছে।










