গুগল ব্যবহারকারীদের সম্পর্কে বিপুল তথ্য সংগ্রহ করে, এটা নতুন কোনো খবর নয়। একটি গুগল অ্যাকাউন্ট তৈরির পর থেকেই স্বয়ংক্রিয়ভাবে নানান কার্যকলাপের রেকর্ড কোম্পানির সার্ভারে জমা হতে থাকে। এর মধ্যে আছে ই-মেইল, ক্যালেন্ডারের নোট, গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল থেকে শুরু করে ছবি ও ভিডিও। বিশেষত, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে তথ্যের পরিমাণ আরো বেড়ে যায়। কারণ প্রতিদিনের ব্যবহারের বেশিরভাগ ডাটা গুগলের কাছে পৌঁছে দেয় হাতের ফোনটি।

তবে অনেকের অজানা থাকতে পারে যে গুগল তার ব্যবহারকারীকে নিজের সব তথ্য একসঙ্গে ডাউনলোড করার সুযোগ দেয়। এ টুলের নাম ‘গুগল টেকআউট’। চাইলে অন্য কোনো ক্লাউড পরিষেবায় স্থানান্তরের জন্য কিংবা শুধু গুগলের কাছে ঠিক কতটুকু তথ্য জমা আছে তা জানতে এ টুল ব্যবহার করা যায়। সম্পূর্ণ বিনামূল্যের এ সেবা ব্যবহার করতে takeout.google.com-এ যেতে হবে। তবে ডাটার পরিমাণ বেশি হলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।

ক্যালেন্ডার, ড্রাইভ, ম্যাপস, জিমেইল থেকে শুরু করে গুগল ফটোজের ছবি ও ভিডিও একসঙ্গে নামানো যায় এখান থেকে। শুধু প্রচলিত সার্ভিস নয়, এআইনির্ভর নতুন টুল, যেমন নোটবুকএলএম ও গুগলের জেমিনি অ্যাসিস্ট্যান্টের তথ্যও এখন এতে অন্তর্ভুক্ত হচ্ছে।

গুগল ব্যবহারকারীদের প্রতিটি অনলাইন কার্যকলাপের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করে টেকআউট। যেমন ইউটিউবের তথ্য চাইলে এতে বিভিন্ন ধরনের ডাটা পাওয়া যাবে। এর মধ্যে থাকবে ওয়াচ হিস্ট্রি, লাইভ চ্যাট, প্লেলিস্ট, সাবস্ক্রিপশন থেকে শুরু করে ভিডিও মেটাডাটা।

স্ল্যাশগিয়ার অবলম্বনে