সনির সেরা ওয়্যারলেস হেডফোন হিসেবে পরিচিত ডব্লিউএইচ-১০০০এক্সএম৫-এর পর্ববতী সংস্করণ এক্সএম৬ শিগগিরই বাজারে আসছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) তথ্যানুযায়ী, নতুন মডেলে সামান্য ডিজাইন পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে থাকতে পারে একটি নতুন হিঞ্জ (হেডফোনটি ভাঁজ বা সামঞ্জস্য করতে সাহায্য করে) এবং পৃথক করা যায় এমন ইয়ারপ্যাড। খবর দ্য ভার্জ।
এফসিসি যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা, যা নতুন প্রযুক্তি বা পণ্যগুলোর অনুমোদন দেয়ার কাজ করে। যেমন স্মার্টফোন, হেডফোন, রাউটার ইত্যাদি।
‘ওয়াকম্যান ব্লগ’ প্রথম এফসিসির এ নথি সম্পর্কে জানায়, যেখানে নতুন হেডফোনের ডান ইয়ারকাপ সম্পর্কে বিশদ বিবরণসহ পণ্যের চিত্র দেখানো হয়েছে। ইয়ারপ্যাডটি সরালে মডেল ও সিরিয়াল নম্বরসহ একটি নেমপ্লেট সামনে আসবে। এফসিসির অনুমোদনের জন্য নেমপ্লেটটি ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হওয়া প্রয়োজন, তাই ক্লিপ বা চুম্বক ব্যবহার করে কোনো স্ক্রু ছাড়াই ইয়ারপ্যাড সংযুক্ত করা হয়েছে। আগের এক্সএম৫ মডেলে এফসিসি সম্পর্কিত তথ্য ইয়ারপ্যাডের ভেতরে দেয়া ছিল, যা সরানো যেত না।
এফসিসির নথিতে ইয়ারপ্যাড ও হিঞ্জ সম্পর্কিত কিছু তথ্য পাওয়া গেলেও এতে তেমন নতুন কিছু নেই বলে জানান প্রযুক্তি বিশেষজ্ঞরা। নতুন হেডফোনের হিঞ্জ আগের মডেল থেকে দেখতে কিছুটা আলাদা, তবে এক্সএম৪-এর মতো ফোল্ডিং ডিজাইন ফিরিয়ে আনা হবে বলে মনে করছেন না তারা। এটির ব্লুটুথ সংস্করণ ৫ দশমিক ৩ বলে জানা গেছে এবং অ্যানটেনা ও পাওয়ার সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। তবে হেডফোনটি দেখতে কেমন হবে বা সাউন্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নথি অনুযায়ী, এ হেডফোনকে সরাসরি এক্সএম৬ বলা হয়নি, তবে মডেল নম্বর থেকে এটি স্পষ্টভাবে অনুমান করা যায়। নতুন হেডফোনের মডেল নম্বর ওয়াইওয়াই২৯৮৪, যা এক্সএম৫-এর ওয়াইওয়াই২৯৫৪ নম্বরের সঙ্গে অনেকটা মিল রয়েছে। তবে মডেলটি প্রোটোটাইপ হিসেবে চিহ্নিত, এটি চূড়ান্ত সংস্করণ নয়। তাই উন্মোচনের আগে কিছু তথ্য পরিবর্তন হতে পারে।
সনির এক্সএম৫ হেডফোন জনপ্রিয় হয়েছে মূলত নয়েজ ক্যানসেলিং, সাউন্ড কোয়ালিটি ও আরামদায়ক ডিজাইনের কারণে। এছাড়াও ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং ও স্মার্ট ফিচার (যেমন মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি ও টাচ কন্ট্রোল) রয়েছে ডিভাইসে।










