ফ্ল্যাগশিপ পর্যায়ের ডিডিআরফাইভ মেমোরি সিরিজ উন্মোচন করেছে জিস্কিল। ট্রাইডেন্ট জেডফাইভ রয়্যাল নামে এটি আনা হয়েছে। এতে প্রযুক্তিগত বিভিন্ন  উন্নয়ন আনার পাশাপাশি এর কার্যক্ষমতাও বাড়ানো হয়েছে। খবর গিজমোচায়না।

ট্রাইডেন্ট জেডফাইভ সিরিজের মতো জেডফাইভ রয়্যালে কাছাকাছি ডিজাইন ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে রয়্যাল ডায়মন্ড লাইট গাইড স্ট্রিপ ডিজাইন রয়েছে। গোল্ড ও সিলভার এ দুই রঙে র‍্যামটি কেনা যাবে। ফলে ব্যবহারকারী ব্যক্তিগত পছন্দের পরিপ্রেক্ষিতে কম্পিউটার সাজাতে পারবেন।

ট্রাইডেন্ট জেডফাইভ র‍য়্যাল মেমোরিতে রোবাস্ট অ্যালুমিনিয়াম অ্যালয় হিট সিঙ্ক ব্যবহার করা হয়েছে। একটি ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে হিট সিঙ্ক বসানো হয়েছে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো আউটলুকও দিয়ে থাকে।

জিস্কিলের নতুন ট্রাইডেন্ট জেডফাইভ রয়্যাল মেমোরিতে ইন্টেলের এক্সএমপি ৩.০ মেমোরি ওভারক্লকিং প্রযুক্তির সাপোর্ট রয়েছে। যে কারণে এটি আরো দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হবে বলে দাবি কোম্পানির। কোয়ালিফায়েড ভেন্ডর লিস্টের সার্টিফায়েড সিপিইউ ও মাদারবোর্ড ব্যবহারের মাধ্যমে যে কেউ বায়োস সেটিংসে থাকা এক্সএমপি প্রোফাইল চালু করতে পারবে। এর মাধ্যমে র‍্যামের কার্যক্ষমতা বাড়ানো যাবে। জেডি ডট কমে জিস্কিল এখন পর্যন্ত ৬৪ গিগাবাইট মেমোরির একটি কিট উন্মোচন করেছে। এর দাম ২ হাজার ১৪৯ ইউয়ান। প্রতি সেকেন্ডে এটি ৬ হাজার ৪০০ মেগাট্রান্সফার গতিতে ফাইল আদান-প্রদান করতে পারবে।