ফাইন্ড মাই অ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিস বা ডিভাইস শনাক্তের পরিধি বাড়িয়েছে অ্যাপল। আগের তুলনায় শনাক্তের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে ৩২-এ নিয়ে এসেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। অ্যাপলের সাপোর্ট ডকুমেন্টে এ বিষয়ে প্রথম জানা গেছে। খবর গিজমোচায়না।

নতুন আপডেটের পর অ্যাপটির মাধ্যমে অ্যাপলের বিভিন্ন জিনিস বা পণ্য শনাক্ত করা যাবে। এর মধ্যে রয়েছে এয়ারট্যাগ, হেডফোন, নতুন ম্যাগসেফ ওয়ালেট। এমনকি ই-বাইকের মতো থার্ড পার্টি ফাইন্ড মাই নেটওয়ার্ক অ্যাকসেসরিজও শনাক্ত করা যাবে। 

ফাইন্ড মাই অ্যাপে কিছু এয়ারপডকে একাধিক আইটেম হিসেবেও শনাক্ত করা হয়। তবে সাধারণ ও প্রথম প্রজন্মের এয়ারপড প্রোকে দুটি বস্তু হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে চার্জিং কেস শনাক্তের আওতায় থাকায় এয়ারপড প্রোকে তিনটি আইটেম হিসেবে গণ্য করে অ্যাপটি। আগে ১৬টির বেশি জিনিস শনাক্ত করা যেত না। কিছু ব্যবহারকারী নির্ধারিত সময়ের আগেই এ সীমা অতিক্রম করেছেন। তারা পরিধি বা সংখ্যা বাড়ানোর বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিস্টেমে পরিবর্তন এনেছে অ্যাপল।

ফাইন্ড মাই অ্যাপে নতুন আইটেম যুক্ত করা একেবারেই সহজ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।