জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, তারা বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সহায়তায় সহজেই পুনরুদ্ধার করতে পারবেন অ্যাকাউন্টটি। নতুন এ ফিচারের নাম দেয়া হয়েছে ‘ট্রাস্টেড রিকভারি কন্টাক্টস’। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।
গুগল জানায়, অনেক ব্যবহারকারী পাসকি বা দুই ধাপ যাচাইয়ের জন্য ব্যবহৃত ডিভাইস কিংবা সিমকার্ড হারিয়ে ফেললে অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যায় পড়েন। বিশেষ করে স্মার্টফোন হারিয়ে গেলে রিকভারি ই-মেইল বা এসএমএসের ভেরিফিকেশন কোড পাওয়া যায় না। ফলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিকল্প সমাধান হিসেবে আনা হয়েছে ট্রাস্টেড রিকভারি কন্টাক্টস ফিচার। এখন ব্যবহারকারী সর্বোচ্চ ১০ জন বিশ্বস্ত ব্যক্তিকে রিকভারি কন্টাক্ট হিসেবে বেছে নিতে পারবেন।
কোনো ব্যবহারকারী তার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারালে নির্ধারিত কোনো রিকভারি কন্টাক্টকে অনুরোধ পাঠাতে পারবেন। ওই ব্যক্তির কাছে গুগলের পক্ষ থেকে একটি নোটিফিকেশন যাবে। ব্যবহারকারী তাকে একটি কোড পাঠাবেন, যা যাচাই করতে রিকভারি কন্টাক্টের স্ক্রিনে তিনটি বিকল্প কোড দেখানো হবে। সঠিক কোডটি নির্বাচন করলে গুগল বুঝতে পারবে যে অনুরোধটি সত্য।
গুগল পরামর্শ দিয়েছে, রিকভারি কন্টাক্ট হিসেবে এমন কাউকে নির্বাচন করতে হবে, যিনি দ্রুত সাড়া দিতে পারেন। কারণ ১৫ মিনিট পর রিকভারি অনুরোধটির মেয়াদ শেষ হয়ে যায়। তখন নতুন কোড পাঠাতে হয় বা অন্য কাউকে বেছে নিতে হয়। পাশাপাশি যাদের সাইবার নিরাপত্তা সম্পর্কে মৌলিক ধারণা রয়েছে, তাদেরই এক্ষেত্রে নির্বাচন করতে বলা হয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দক্ষ প্রতারকরা ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ (মানুষের আস্থা ও আচরণকে কৌশল করে নিরাপত্তা ভাঙার চেষ্টা) কৌশল ব্যবহার করে এ সুবিধার অপব্যবহার করতে পারে। যেমন ভুয়া নম্বর বা ই-মেইল ব্যবহার করে বন্ধুর কাছ থেকে রিকভারি কোড সংগ্রহের চেষ্টা করা হতে পারে।
টেক জায়ান্টটি আরো বলছে, এ ধরনের ঝুঁকি এড়াতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সময় অতিরিক্ত যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হবে। ডিভাইস ব্যবহারের ইতিহাস, অবস্থান ও আইপি ঠিকানাও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে অ্যাকাউন্টকে সাময়িকভাবে নিরাপত্তা পর্যবেক্ষণে রাখা হবে।
প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ ১০টি রিকভারি কন্টাক্ট রাখার পাশাপাশি নিজে সর্বোচ্চ ২৫টি অ্যাকাউন্টের রিকভারি কন্টাক্ট হতে পারবেন। তবে গুগল ওয়ার্কস্পেস (প্রাতিষ্ঠানিক) অ্যাকাউন্ট এবং শিশুদের অ্যাকাউন্টে এ সুবিধা পাওয়া যাবে না। এসব অ্যাকাউন্ট অন্যদের রিকভারি কন্টাক্ট হিসেবে যুক্ত হতে পারবে।
গুগল এক বিবৃতিতে বলেছে, ‘পাসকি ছিল পাসওয়ার্ডবিহীন নিরাপত্তার পথে বড় পদক্ষেপ। এবার ট্রাস্টেড রিকভারি কন্টাক্টস সে নিরাপত্তা ব্যবস্থাকে আরো সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।’ —দ্য রেজিস্টার অবলম্বনে










