কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান মিডজার্নির বিরুদ্ধে মামলা করেছে ওয়ার্নার ব্রাদার্স। মামলায় বলা হয়েছে, মিডজার্নি গ্রাহকদের সুপারম্যান, বাগস বানি ও অন্যান্য কপিরাইটযুক্ত জনপ্রিয় কার্টুন চরিত্রের এআই-জেনারেটেড ছবি ও ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে। খবর এপি।
লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে সম্প্রতি এ মামলা করা হয়েছে। এটি মিডজার্নির বিরুদ্ধে হলিউডের তৃতীয় বড় উদ্যোগ। এর আগে চলতি বছরের জুনে ডিজনি ও ইউনিভার্সাল যৌথভাবে একই ধরনের মামলা করে। তবে সানফ্রান্সিসকোভিত্তিক মিডজার্নি এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
ওয়ার্নার ব্রাদার্স অভিযোগ করেছে, মিডজার্নি অবৈধ কপি ব্যবহার করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দিয়েছে। ব্যবহারকারীরা ব্যাটম্যান, ওয়ান্ডার উইম্যান, স্কুবি-ডু কিংবা পাওয়ারপাফ গার্লসের মতো পরিচিত চরিত্র বেছে নিয়ে ছবি ও ভিডিও বানাতে পারছেন। অভিযোগে আরো বলা হয়েছে, কেবল ‘ক্ল্যাসিক কমিক বইয়ের সুপারহিরো যুদ্ধ’ লিখলেই অ্যাপ্লিকেশন থেকে ডিসি স্টুডিওর সুপারম্যান, ব্যাটম্যান বা ফ্ল্যাশের উচ্চমানের ছবি তৈরি হয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, মিডজার্নি আইনকে অবজ্ঞা করছে। তারা চাইলে সহিংসতা বা অশ্লীল কনটেন্ট সীমিত করার মতো সহজেই এসব কপিরাইট লঙ্ঘন বন্ধ করতে পারত।
মামলায় অভিযোগ করা হয়েছে, এতে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে কোন কনটেন্ট বৈধ আর কোনটি অবৈধ। ওয়ার্নার ব্রাদার্স বলছে, এ কারণে প্রতিটি কপিরাইট লঙ্ঘনের ঘটনায় তারা সর্বোচ্চ দেড় লাখ ডলার ক্ষতিপূরণের দাবিদার। তবে মিডজার্নি আগের মামলাগুলোর অভিযোগ অস্বীকার করেছে।
ওয়ার্নার ব্রাদার্সের মামলার জবাবে মিডজার্নি বলেছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বিলিয়নসংখ্যক উন্মুক্ত ছবি ব্যবহার করে শিখেছে।










