গবেষণাভিত্তিক প্রযুক্তি থেকে আয় করা বা ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালে চ্যাটজিপিটির প্রধান হিসেবে যোগ দেন নিক টারলি। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, তিনি এক্ষেত্রে সফল হয়েছেন। কারণ বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। তবে নিক টারলি এখন প্লাটফর্মটিকে আরো এগিয়ে নিতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে টেকক্রাঞ্চ।
টারলির নতুন লক্ষ্য চ্যাটজিপিটিকে শুধু একটি চ্যাটবট না রেখে একটি পূর্ণাঙ্গ প্লাটফর্মে রূপ দেয়া। মোবাইলের অপারেটিং সিস্টেমে যেমন অনেক অ্যাপ চলে, তেমনভাবে অন্য কোম্পানিও চ্যাটজিপিটির ভেতরে নিজেদের অ্যাপ তৈরি করে চালাতে পারবে।
সান ফ্রান্সিসকোর ফোর্ট ম্যাসনের উপকণ্ঠে সম্প্রতি ওপেনএআইয়ের তৃতীয় বার্ষিক ডেভেলপার সম্মেলনের সময় নিক টারলি এ কথা জানান। সেখানে চ্যাটজিপিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ভাবনা প্রকাশ্যে আসে।
নিক টারলি জানান, চ্যাটজিপিটিকে অপারেটিং সিস্টেমে রূপ দিতে ওয়েব ব্রাউজার থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন তিনি। টারলির মতে, গত এক দশকে ব্রাউজারগুলো এক ধরনের নতুন অপারেটিং সিস্টেমে পরিণত হয়েছে। নানা ওয়েব অ্যাপ্লিকেশনের কারণে এখন ব্রাউজারই কম্পিউটারে কাজ করার মূল মাধ্যম হয়ে উঠেছে। টারলির ধারণা, চ্যাটজিপিটিও ধীরে ধীরে এমন এক প্লাটফর্মে পরিণত হতে পারে যা মানুষের সফটওয়্যার ব্যবহারের ধরন বদলে দেবে।
ওপেনএআই নিজস্ব একটি ব্রাউজার তৈরি করছে বলে জানা গেছে। তবে নিক টারলি এ বিষয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করেননি।
তিনি বলেন, ‘অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ ও তার দলের সঙ্গে মিলে নতুন কিছু হার্ডওয়্যার ডিভাইস তৈরির কাজ করছে ওপেনএআই।’
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই বেশ কিছুদিন ধরেই এমন ধারণার পেছনে কাজ করছে। ২০২৩ সালে কোম্পানি বিভিন্ন ‘এআই অ্যাপ স্টোর’ উদ্যোগ চালু করেছিল, যেমন চ্যাটজিপিটি প্লাগইন এবং জিপিটি স্টোর। সে সময় এসব পরিষেবা তেমন সাফল্য পায়নি, তবে এবার ওপেনএআইয়ের পরিকল্পনা আগের চেয়ে শক্তিশালী ও কার্যকরী হবে বলে ধারণা করা হচ্ছে।
ওপেনএআই চ্যাটজিপিটিকে একটি ই-কমার্স প্লাটফর্ম হিসেবে তৈরি করতে চাচ্ছে বলে মনে করছেন অনেকে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতর থেকেই বিভিন্ন সেবা বা পণ্য কিনতে পারবেন। উদাহরণস্বরূপ, এক্সপিডিয়া (ট্রাভেল বুকিং), ডোরড্যাশ (খাবারের অর্ডার) বা উবার (যানবাহন) অ্যাপগুলো চ্যাটজিপিটিতে যুক্ত হলে সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে লেনদেন করা যাবে।










