মাইক্রোসফট সম্প্রতি তাদের এআই অ্যাসিস্ট্যান্ট উইন্ডোজ কো-পাইলট টুলটিতে নতুন কিছু ফিচার যুক্ত করেছে। ব্যবহারকারীরা এখন টুলটি ব্যবহার করে স্ক্রিনশট নিতে ও প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। খবর গিজচায়না।
মাইক্রোসফটের এআইচালিত উইন্ডোজ কো-পাইলট টুলটি বিভিন্ন কাজের জন্য প্রশ্ন উত্তর, প্রকল্প তৈরি ও সমস্যা সমাধানে ব্যবহার করা যায়। এখন থেকে উইন্ডোজ কো-পাইলট ব্যবহারকারীরা স্ক্রিনশট ফিচারটি ব্যবহার করে সহজে স্ক্রিন ক্যাপচার ও সে বিষয়ক সরাসরি প্রশ্ন করতে পারবেন।
গত আগস্টে মাইক্রোসফট উইন্ডোজ কো-পাইলটে স্ক্রিনশট ফিচারটি আনার ঘোষণা করেছিল। প্রথমে ফিচারটি মাইক্রোসফট এজ ব্রাউজারে চালু করা হয়। এখন আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ কো-পাইলটেও ফিচারটি চালু করা হলো।
আগে উইন্ডোজ কো-পাইলটে শুধু ফোটো আপলোড বা পেস্ট করা যেত। এখন কো পাইলটে স্ক্রিনশট যুক্ত করার একটি অপশন যোগ করা হয়েছে। এতে ক্লিক করে ব্যবহারকারীরা সহজেই তাদের স্ক্রিনের যেকোনো অংশ ক্যাপচার করতে পারবেন। এরপর কো-পাইলট চ্যাটবটের সঙ্গে স্ক্রিনশট সম্পর্কিত প্রশ্ন করা যাবে।










