চলতি দশকের সবচেয়ে প্রত্যাশিত গেমগুলোর মধ্যে অন্যতম গ্রান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)। এ গেমের স্ট্যান্ডার্ড সংস্করণের জন্য দাম ১০০ ডলার নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। খবর গিজমোচায়না।

ভিডিও গেম বিশ্লেষক ম্যাথিউ বল ২০২৫ সালে ভিডিও গেম শিল্প নিয়ে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য দেন। ফলে গেমার ও শিল্প বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে নানা আলোচনার জন্ম নিয়েছে।

বলের মতে, জিটিএ সিক্সের প্রকাশক টেক-টু ইন্টারেক্টিভ গেমটির ব্যাপক বাজার চাহিদাকে কাজে লাগিয়ে ট্রিপল-এ গেমগুলোর জন্য একটি নতুন মূল্য নির্ধারণ করতে পারে। তিনি উল্লেখ করেন, গেমিং শিল্প আশা করছে"এমন পরিবর্তন আসুক, কারণ এটি অন্যান্য প্রকাশকের ক্রমবর্ধমান উন্নয়ন খরচ ও মূল্যস্ফীতি মোকাবেলায় আরো বেশি দাম নির্ধারণ করতে উৎসাহিত করতে পারে।

সম্প্রতি ভিডিও গেমের বাজেট আকাশছোঁয়া হলেও গ্রহক পর্যায়ে দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ২০২০ সালে টেক-টু ছিল প্রথম প্রকাশক, যারা পরবর্তী প্রজন্মের কনসোলে পরিবর্তনের সময় তাদের গেমের দাম ৬০ ডলার থেকে বাড়িয়ে ৭০ ডলার করেছিল। ১০০ ডলারে সম্ভাব্য মূল্যবৃদ্ধি, বিতর্কিত হলেও ভবিষ্যতের প্রকাশের জন্য একটি নজির স্থাপন করতে পারে।

অন্যদিকে সমালোচকরা যুক্তি দিয়েছেন, এ মূল্যবৃদ্ধি বৃহত্তর অর্থনৈতিক প্রেক্ষাপটকে উপেক্ষা করছে। মূল্যস্ফীতির জন্য সমন্বিত ভিডিও গেমের দাম যুক্তিসংগত মনে হতে পারে, তবে স্থবির মজুরি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় আরো জটিল চিত্র তৈরি করে। গেমাররা এ গেম বাজারে আসার পর পরই কীভাবে সহজে হাতে পাবেন তার উপায় খুঁজে বের করেছেন। যেমন ডাউনলোডযোগ্য কনটেন্ট (ডিএলসি) ও সিজন পাস, যা দুই দশক আগেও প্রচলিত ছিল না।

২০২৫ সালের শেষের দিকে জিটিএ সিক্স মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর বিনোদন জগতের সবচেয়ে বড় উন্মোচন হতে যাচ্ছে এটি। পূর্বাভাস বলছে প্রথম বছরেই গেম প্রজেক্টটি থেকে ৩০০ কোটি ডলার আয় করবে নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারেক্টিভ।