ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স শিগগিরই তাদের অ্যাপে আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করতে যাচ্ছে। সম্প্রতি ভিসার সঙ্গে এক্সের প্রথম ডিজিটাল ওয়ালেটের চুক্তির ঘোষণা দিয়েছে কোম্পনাটি। খবর ইন্ডিয়া টুডে।

এক্স সংশ্লিষ্টরা বলছে, এক্স মানি পরিষেবা ব্যবহারকারী ভিসা রিয়েল টাইম মানি ট্রান্সফার সলিউশন, ভিসা ডিরেক্ট ব্যবহার করে নিরাপদে ও তাৎক্ষণিক অর্থ লেনদেন করতে পারবেন। তাদের ডেবিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক্স মানি ওয়ালেটে তহবিল হস্তান্তরসহ ব্যক্তিগত লেনদেনও করতে পারবেন বলে এক পোস্টে জানান এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো।

তিনি জানান, এ বছরের অন্যতম বড় ঘোষণা হলো এক্স মানি সার্ভিস চালু। বছরের শেষ নাগাদ এটি চালু হবে।

মাস্ক দায়িত্ব নেয়ার পরপরই এক্সে আর্থিক পরিষেবা চালু করার ঘোষণা দেয়। এক্স পেমেন্টস এলএলসি-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪১টি প্রদেশে এখন পর্যন্ত এটি নিবন্ধিত হয়েছে। সেই সঙ্গে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কেও (ফিনসেন) এটি নিবন্ধিত হয়েছে।

সম্প্রতি এক্সের কর্মীদেরকে পাঠানো মেইলে সোশ্যাল এ প্লাটফর্মটি আর্থিক সংকটে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনেও ইলন মাস্ক এ কথা স্বীকার করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ প্লাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে না, স্থির হয়ে আছে এবং রাজস্বও আশানুরূপ আসছে না।

মাস্ক বলেন, ‘আমরা কেবল টিকে থাকার মতো আয় করছি।’

মাস্ক ২০২২ সালের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তিতে এ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি অধিগ্রহণ করেন। এরপর থেকে তিনি বিনামূল্যে যাচাই ব্যবস্থা বাতিল, অর্থ প্রদানের মাধ্যমে সদস্যপদ চালু করা এবং কোম্পানির নাম পরিবর্তন করে এক্স করার মতো বেশ কিছু পরিবর্তন এনেছেন।