লোহিত সাগরের তলদেশে থাকা একাধিক অপটিক্যাল ফাইবার কাটা পড়ায় মাইক্রোসফটের আজুরের ক্লাউড সেবা ব্যাহত হতে পারে। সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, এ বিভ্রাটের কারণে মধ্যপ্রাচ্য হয়ে যেসব ইন্টারনেট ট্রাফিক চলাচল করে, তা প্রভাবিত হচ্ছে। কোম্পানিটি ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, এ অবকাঠামোগত সমস্যার কারণে কিছু সেবায় বিলম্ব দেখা দিতে পারে। খবর রয়টার্স ও এপি।

মাইক্রোসফট আরো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ফাইবারের কারণে কয়েকটি দেশে ইন্টারনেটের গতি ধীর হয়েছে এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রভাবিত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তবে কোম্পানি নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্য দিয়ে যেসব ট্রাফিক যায় না, সেগুলো প্রভাবিত হয়নি। সমস্যা মোকাবেলায় আজুরের ট্রাফিক বিকল্প নেটওয়ার্ক পথের মাধ্যমে রিরুট (পুনঃনির্দেশনা) করা হয়েছে, ফলে সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।

লোহিত সাগর বিশ্বের ইন্টারনেট ট্রাফিকের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রায় ১৭ শতাংশ বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিক প্রবাহিত হয়।

মাইক্রোসফট ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে, তারা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং প্রভাব কমানোর জন্য নেটওয়ার্ক অপ্টিমাইজ করছে। পরিস্থিতি অনুযায়ী দৈনিক বা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে আপডেট দেয়া হবে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত কেবলগুলো মেরামতের কাজ চলছে, তবে ঠিক কতক্ষণ সময় লাগবে তা জানা যায়নি। প্রভাবিত অঞ্চলের ব্যবহারকারীরা আপাতত ধীরগতির ইন্টারনেট সেবার সম্মুখীন হতে পারেন।