২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক স্যামসাং ইলেকট্রনিকসের জন্য খুব একটা ইতিবাচক ছিল না। এ সময় পরিচালন মুনাফা ৯৬ শতাংশ কমার কথা জানিয়েছে কোম্পানিটি, যা ১৪ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। তবে বিশ্লেষকদের আশা, চিপ উৎপাদন কমানোর পাশাপাশি নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ বাজারজাতের মাধ্যমে তৃতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াবে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

সম্প্রতি এপ্রিল-জুন প্রান্তিকে আয় প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। প্রতিবেদনে বলা হয়, এ সময় কোম্পানিটির পরিচালন মুনাফা ৬০ হাজার কোটি ওন বা ৪৬ কোটি ২০ লাখ ডলারে থাকার পূর্বাভাস দিয়েছিল। আগের বছরের তুলনায় যা ৯৫ দশমিক ৭ শতাংশ কম। আয়ের পূর্বাভাসও ভালো নয়। ২০০৯ সালের প্রথম প্রান্তিকের পর প্রথমবারের মতো তা ৫৯ হাজার কোটি ডলারে নেমে এসেছে।

বিশেষজ্ঞরা জানান, প্রধান ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর চাহিদা কমে যাওয়ার পাশাপাশি ডির‍্যাম ও ন্যান্ড মেমোরি চিপের মজুদ বাড়ায় কোম্পানিটি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। তবে প্রযুক্তি জায়ান্টটি পুনরায় প্রবৃদ্ধির পথে ফিরে আসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে চিপ উৎপাদন কমিয়ে মেমোরি চিপের ব্যবসা থেকে দূরে সরে আসছে এবং বেশি দামের পণ্য বাজারজাতে কাজ করছে স্যামসাং।

কোম্পানিটি আরেক পূর্বাভাসে জানায়, উচ্চক্ষমতার কম্পিউটার ও চীনে স্মার্টফোন তৈরি কমে আসায় সেমিকন্ডাক্টর উৎপাদন কমানো হবে। ফলে সামনের মাসগুলোয় চিপের যে মজুদ তা ক্রমশ কমে আসবে।

এনএইচ ইনভেস্টমেন্ট ও সিকিউরিটিজের এক বিশ্লেষক ডহ হুন উ বলেন, ‘তৃতীয় প্রান্তিক থেকে হয়তো মেমোরি চিপ খাত হাই গিয়ার বা বেশি দামের পণ্য উৎপাদনের দিকে ঝুঁকবে। অন্যদিকে ডির‍্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপের দামও যথাক্রমে ৭ ও ৫ শতাংশ বাড়বে।’

বাজার গবেষণা ও অনুসরণকারী প্রতিষ্ঠান এফএনগাইডের তথ্যানুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্যামসাংয়ে পরিচালন মুনাফা ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ওন ছাড়ানোর পূর্বাভাস দেয়া হয়েছে। যা আগের প্রান্তিকের তুলনায় ছয় গুণ বেশি। এপ্রিলে মেমোরি চিপ ও স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানিটি ওভারফ্লো বা মজুদ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য হারে উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

উৎপাদন কার্যক্রমের যেকোনো পরিবর্তন কার্যকর হতে অন্তত চার মাস সময়ের প্রয়োজন হয়। সে হিসেবে আগস্ট থেকে সেমিকন্ডাক্টর উৎপাদন কমার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তৃতীয় প্রান্তিক থেকে স্যামসাং চিপ উৎপাদন কমাবে। প্রযুক্তি জায়ান্টদের সেমিকন্ডাক্টর ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত স্যামসাং ডিভাইস সলিউশন (ডিএস) ডিভিশন হয়তো চতুর্থ প্রান্তিকে আবারো সচল হয়ে পড়বে। এক পূর্বাভাসে কেবি সিকিউরিটিজ জানায়, ডিএস ডিভিশনের পরিচালন মুনাফা ৭০ হাজার কোটি ওনের রেকর্ড ছাড়াবে।

আগামী মাসে বিশ্বের অধিকাংশ বাজারে গ্যালাক্সি জেড ফ্লিপ ও জেড ফ্লিপ ৫ ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাত করবে স্যামসাং। বছরের বাকি অর্ধেক সময় এ দুটি ডিভাইস কোম্পানির প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।