হুয়াওয়ে তাদের নতুন স্মার্টওয়াচে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করার পরিকল্পনা করছে। সম্প্রতি কোম্পানির এক পেটেন্ট থেকে এ তথ্য জানা গেছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
চীনা প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করার জন্য গবেষণা করছে বলে জানা যায়। এ প্রযুক্তি সফল হলে হুয়াওয়ে স্মার্টওয়াচের পুরো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করতে পারে, যা স্মার্টফোনের মতোই ব্যবহার করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাই স্মার্ট প্রাইসের প্রতিবেদনে জানানো হয়, হুয়াওয়ে একটি নতুন স্মার্টওয়াচের পেটেন্ট দাখিল করেছে, যেখানে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উল্লেখ রয়েছে। এ সেন্সর শুধু লক খুলতেই নয়, বরং বিভিন্ন ইশারা বা জেসচার নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে।
পেটেন্টের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা তাদের আঙুলের ৩৬০ ডিগ্রি ছাপ রেজিস্টার করতে পারবেন, যা মূলত ত্রিমাত্রিক ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে। নতুন প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীদের একেক আঙুল একেক কাজের জন্য সেট করার সুযোগ দেবে। যেমন কেউ চাইলে বুড়ো আঙুল দিয়ে ‘ব্যাক’ অপশন ব্যবহার করতে পারবেন কিংবা তর্জনী দিয়ে কল করা যাবে অথবা মধ্যমা আঙুল দিয়ে অ্যাপ বন্ধ করা সম্ভব হবে।
এছাড়া ব্যবহারকারীরা আঙুল দিয়ে স্মার্টওয়াচের ভলিউম ও ব্রাইটনেস নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন সেন্সরের ওপর আঙুল রেখে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে ঘুরিয়ে শব্দ ও উজ্জ্বলতা বাড়ানো বা কমানো যাবে।
যদিও হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। কারণ তাদের প্রযুক্তিটি এখনো পরীক্ষাধীন।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রযুক্তি চালু হলে এটি স্মার্টওয়াচের নিরাপত্তা ও ব্যক্তিগত ডাটা সুরক্ষা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে হুয়াওয়ের পরবর্তী স্মার্টওয়াচ মডেলগুলোয় এ নতুন সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।










