ট্রিলিয়ন ডলার কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। বিভিন্ন পণ্যে নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করে প্রযুক্তি জায়ান্টটি। আর ডিভাইস ব্যবহারে গ্রাহকরা সবসময় যথাযথ সাপোর্ট খুঁজে থাকে। এর অংশ হিসেবে আইওএস ও আইপ্যাডওএসে জটিল নিরাপত্তা ত্রুটির সমাধান চালু করেছে। খবর গিজমোচায়না।
কোম্পানিটি সম্প্রতি অপারেটিং সিস্টেম দুটির জন্য র্যাপিড সিকিউরিটি রেসপন্স আপডেট চালু করেছে। যা মূলত আইওএস ও আইপ্যাডওএস ১৬.৫.১-এর জন্য। বর্তমানে এগুলোয় একটি ওয়েবকিট ত্রুটি রয়েছে, যা বিস্তৃতভাবে সমস্যা তৈরি করছে। সাফারি ব্রাউজারের ইঞ্জিন হিসেবে ওয়েবকিট ব্যবহার করা হয়ে থাকে। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের মতে, ব্যবহারকারীদের দ্রুত সময়ের মধ্যে আপডেটটি ইনস্টল করা জরুরি।
ইনস্টল করার জন্য যেকোনো সাধারণ আপডেটের নির্দেশিকা অনুসরণ করতে হবে। প্রথমে সেটিংস থেকে জেনারেলে প্রবেশ করতে হবে। সেখানে সফটওয়্যার আপডেটে ক্লিক করতে হবে। এরপর সেখানে বাকি বিষয়ে জানানো হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। কয়েক মিনিটের মধ্যে আপডেট ইনস্টলের কাজ শেষ হয়ে যাবে। এরপর ডিভাইস রিস্টার্ট দিয়ে কাজ করতে হবে।
আপডেটগুলো আইওএস ১৬.৫.১ (এ) ও আইপ্যাডওএস ১৬.৫.১ (এ) নামে আনা হয়েছে, যাতে এগুলোকে নতুন উন্মোচন হিসেবে চিহ্নিত করা যায়। অ্যাপল জানায়, ওয়েবকিট ত্রুটির কারণে আক্রমণকারীরা ওয়েব কনটেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আর্বিট্রারি কোড বের করে নির্দিষ্ট ডিভাইসে আক্রমণ করতে পারে।










