ফিচারফোন থেকে স্মার্টফোনের এ যাত্রায় আজ পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু বর্তমানে অত্যাধুনিক ফোনগুলো যত শক্তিশালীই হোক, সেই পুরু আর টেকসই ক্ল্যাসিক ফোন ব্যবহারের অভিজ্ঞতা ছিল অন্যরকম আনন্দের। সেই পুরনো ডিভাইসগুলো নতুন করে দেখার সুযোগ এসেছে ‘নকিয়া ডিজাইন আর্কাইভের’ মাধ্যমে। খবর গিজমোচায়না।
ফিনল্যান্ডের অল্টো ইউনিভার্সিটির নেতৃত্বে তৈরি এ ডিজিটাল সংগ্রহশালায় ১৯৯০-এর মাঝামাঝি থেকে ২০১৭ সাল পর্যন্ত নকিয়ার ফোনের সফরকে তুলে ধরা হয়েছে। এতে রয়েছে স্কেচ, ছবি, সাক্ষাৎকার ও ভিডিও। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, যারা ছোটবেলায় পকেটে নকিয়া ফোন নিয়ে বড় হয়েছেন, এ আর্কাইভ তাদের পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনবে। এছাড়া দেখা যাবে, নকিয়ার সবচেয়ে জনপ্রিয় ফোনগুলো কীভাবে তৈরি হয়েছিল।
নকিয়া আর্কাইভ প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক আন্না ভ্যালটোনেন বলছেন, ‘নকিয়ার শুরুর দিনে কোম্পানিটি আসলে মানুষের মনোভাবকে বুঝতে চেয়েছিল। বিশেষ করে তারা কীভাবে জীবনযাপন করে এবং কী তাদের প্রেরণা জোগায়। আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের সঙ্গে সমাজে একটি অনুরূপ পরিবর্তনের মুখোমুখি। যদিও কেউ এখনো এআই পুরোপুরি বুঝতে পারেনি, তবু আমাদের ভবিষ্যতে এটি কী ভূমিকা রাখতে পারে, সে সম্পর্কে চিন্তা শুরু করা জরুরি।’
নকিয়া আর্কাইভে কোম্পানির ডিজাইন ইতিহাসের যাত্রা দেখা যাবে। এতে মোবাইল গেমস ও গেমিংয়ের বিষয়বস্তু রয়েছে। যেমন বিখ্যাত স্নেক গেমের উদ্ভব সম্পর্কে ধারণা। ব্যবহারকারীরা পণ্য, নকশা প্রক্রিয়া, কৌশল বা নির্দিষ্ট বছরের ভিত্তিতে আর্কাইভটি অনুসন্ধান করতে পারবেন। তারা দেখতে পারেন কীভাবে নকিয়ার ধারণা ও লক্ষ্য সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে।










