প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের মধ্যে চলছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ওই সময় দক্ষিণ কোরিয়ার স্যামসাং বড় স্ক্রিনের ফোন বিক্রি শুরু করে, আর আইফোন ব্যবহারকারীরা চাইছিল অ্যাপলও সে পথেই হাঁটুক। কিছু সময় পর আইফোন ৬ সিরিজ উন্মোচন করে অ্যাপল, যা আগের মডেলগুলোর থেকে ভিন্ন ও বড় স্ক্রিন নিয়ে আসে। সিরিজটি দিয়ে অ্যাপল বেশ সফলতা অর্জন করে। খবর সিএনবিসি।
১০ বছরের বেশি সময় পর টেক জায়ান্ট দুটির মধ্যে ফের চাঙ্গা হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এবারও লড়াই মূলত স্ক্রিন নিয়েই।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের বিক্রি বেড়ে বাজার হিস্যা ২৩ শতাংশ থেকে ৩১ শতাংশে উঠে গেছে। একই সময় অ্যাপলের হিস্যা কমে ৫৬ শতাংশ থেকে নেমেছে ৪৯ শতাংশে।
তবে হিস্যা কমলেও নিজ দেশের স্মার্টফোন বাজারে শীর্ষ বিক্রেতা এখনও অ্যাপল। যদিও বিশ্বের অন্যান্য দেশের বাজারে অ্যাপল সাধারণত দ্বিতীয় স্থানে থাকে।
ক্যানালিসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে অ্যাপলের শেয়ারদার কমেছে ৭ দশমিক ৫ শতাংশ। টেসলা ছাড়া অন্যান্য বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির তুলনায় অ্যাপলের আর্থিক ফলাফল খুব একটা ইতিবাচক নয়।
জুলাইয়ের আর্থিক প্রতিবেদনে অ্যাপল জানিয়েছে, গত বছরের তুলনায় আইফোন বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। পাশাপাশি একই সময় স্যামসাং বাজারে এনেছে নতুন দুইটি ফোল্ডেবল স্মার্টফোন। এর মধ্যে জেড ফোল্ড ৭ খোলা অবস্থায় ট্যাবলেটের আকার নিতে পারে। আর জেড ফ্লিপ দেখতে পুরনো ধাঁচের ফ্লিপ ফোনের মতো হলেও এতে আধুনিক স্মার্টফোনের সব ফিচারই রয়েছে।









