রকস্টার গেমসের জনপ্রিয় সিরিজ গ্র্যান্ড থেফট অটোর পরবর্তী সংস্করণ জিটিএ সিক্স আসছে আগামী বছর। গেমটির জন্য দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছেন ভক্তরা। টিপস্টারদের বিভিন্ন তথ্য এবং সীমিত আনুষ্ঠানিক আপডেটের কারণে জিটিএ সিক্স এখন পর্যন্ত সবচেয়ে প্রত্যাশিত গেম হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
রকস্টার গেমসের ভাষ্য, গেম জগতের ইতিহাসে সবচেয়ে বড় উন্মোচন হতে পারে জিটিএ সিক্স। গেমটির প্রতি মানুষের আগ্রহ, বিক্রির সংখ্যা ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এতটাই বড় হবে যে জিটিএ সিক্সের প্রকাশ পূর্ববর্তী যেকোনো গেমের তুলনায় অনেক বেশি আলোচিত ও গুরুত্বপূর্ণ হবে।
প্রতিবেদন বলছে, কোম্পানিটির ওয়েবসাইটে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞাপন দিয়ে লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের খোঁজ করা হয়। বিজ্ঞাপনের একটি অনুচ্ছেদে (যা পরে মুছে ফেলা হয়েছে) বলা হয়েছিল, এ ব্যক্তিকে জিটিএ সিক্স উন্মোচনের জন্য প্রয়োজনীয় ডাটা প্লাটফর্ম পরিচালনার দায়িত্ব দেয়া হবে।
২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেয়ার পর থেকে জিটিএ সিক্স নিয়ে বিশ্লেষক ও গেমারদের আগ্রহ বেড়েই চলেছে। গেমটির মুক্তি নিয়ে বিশ্বব্যাপী ভিডিও গেমের বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।
ভিডিও গেমের বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিএফসি ইন্টেলিজেন্স গত জানুয়ারিতে জানিয়েছে, শুধু প্রি-অর্ডার থেকেই গেমটি ১০০ কোটি ডলার আয় করতে পারে। এছাড়া প্রথম ১২ মাসে জিটিএ সিক্সের আয় প্রায় ৩০০ কোটি ডলার ছাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী গেমটি ২০২৬ সালের মে মাসে প্রকাশ করা হবে। মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়ার কিছুদিনের মধ্যেই গত মে মাসে নতুন ও দ্বিতীয় ট্রেলারটি সামনে আসে। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সব প্লাটফর্ম মিলিয়ে ৪৭ কোটি ৫০ লাখের বেশিবার দেখা হয় এটি। গেম প্রকাশকের দাবি, এটি এখন পর্যন্ত গেমিং জগতের সবচেয়ে বড় ট্রেলার উন্মোচন। কারণ ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ও ‘ফ্যান্টাস্টিক ফোর: দ্য ফার্স্ট স্টেপস’ ট্রেলার প্রকাশের একদিনে ভিউ পেয়েছিল যথাক্রমে ৩৬ কোটি ৫০ লাখ ও ২০ কোটি।
জিটিএ সিক্সের প্রথম ট্রেলার প্রকাশ পায় ২০২৩ সালের ডিসেম্বরে। রকস্টার প্রথমবারের মতো গল্পের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে দ্বিতীয় ট্রেলারে।
প্রায় ৩ মিনিটের গল্পে দেখানো হয়, মূল চরিত্র জেসন ডুভাল ও লুসিয়া ক্যামিনোস ব্যর্থ ডাকাতির পর এক জটিল ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে।
গেমের বিবরণ অনুযায়ী, জেসন ও লুসিয়ার জীবন তাদের অনুকূলে নেই। এর মধ্যে যখন একটি সহজ ডাকাতি ভেস্তে যায়, তখন তারা লিওনিডা রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা অন্ধকার জগতে বড় এক ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যায়। বেঁচে থাকতে হলে এবার তাদের একে অন্যের ওপর আগের চেয়েও বেশি ভরসা করতে হবে।
জিটিএ সিক্সের সম্ভাব্য মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় বৈশ্বিক ভিডিও গেমসের বাজারও ধীরগতিতে বাড়ছে বলে ধারণা করছে গবেষণা প্রতিষ্ঠান নিউজু। জিটিএ সিক্স মুক্তির মাধ্যমে আগামী বছর থেকে ভিডিও গেমস শিল্পে বিক্রি বৃদ্ধি শুরু হবে বলে ধারণা করছেন গেমসংশ্লিষ্টরা।










