বিশ্বব্যাপী টেলিকম কোম্পানিগুলো বিপুল পরিমাণ ডাটা বা তথ্য এবং টেকনিক্যাল বা প্রযুক্তিগত সমস্যার সঙ্গে মোকাবেলা করছে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাজারে সম্পূর্ণভাবে অংশগ্রহণ ও প্রযুক্তির সুবিধা নিতে কোম্পানিগুলোর জন্য বাধা সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, টেলিযোগাযোগ সংস্থাগুলো যদি এ সমস্যা দ্রুত সমাধান না করে, তবে বড় ব্যবসার সুযোগ হাতছাড়া হতে পারে। খবর ফিয়ার্স নেটওয়ার্ক।

বর্তমান সময়ে যেসব প্রযুক্তির ব্যবহার হয়, যেমন অ্যাপল টিভি বা ভিডিও স্ট্রিমিং, মোবাইল কল ও মেসেজ, সবই টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে চলে। দীর্ঘদিন ধরে টেলিকম কোম্পানিগুলো এ ডিজিটাল কার্যক্রমের কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু শুধু মাসিক মোবাইল বা হোম ইন্টারনেট ফি ছাড়া তারা নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে বেশি আয় করতে পারেনি।

তবে এআই এ পরিস্থিতি পরিবর্তন করতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি টেলিকম কোম্পানিগুলোর জন্য পরিষেবা খাতে শক্ত অবস্থান গড়ে তোলার সুযোগ তৈরি করছে। এআই সরঞ্জাম ও অ্যাপ্লিকেশন মূলত ডাটার ওপর নির্ভরশীল আর টেলিকম কোম্পানিগুলোর কাছে বিপুল পরিমাণ ডাটা রয়েছে। তবে সমস্যা হলো অনেক কোম্পানির পুরনো কম্পিউটার ও নেটওয়ার্কের সমস্যা আছে, যেগুলো ঠিক করা দরকার। একে কোম্পানির ‘প্রযুক্তিগত ঋণ’ বলা হচ্ছে। এছাড়া ডাটা ঠিকভাবে সংরক্ষণ বা ব্যবহার না করার ফলে তথ্যগুলো এলোমেলো ও বিচ্ছিন্নভাবে রাখা থাকে, যা ‘তথ্য ঋণ’ নামে পরিচিত।

প্রযুক্তি বিশ্লেষক ডায়ানা গুভার্টস বলছেন, এসব ঋণের কারণে টেলিকম খাত পিছিয়ে যাচ্ছে। এআই কার্যকর করতে পরিষ্কার ও সুশৃঙ্খল ডাটা প্রয়োজন। যদি কোম্পানিগুলো সমস্যা সমাধান না করে এআই থেকে যথেষ্ট সুবিধা নিতে পারবে না। তাই দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি।

তিনি জানান, কোম্পানিগুলোকে নিজস্ব আইটি সিস্টেম আপডেট করতে হবে, ডাটা ব্যবস্থাপনা উন্নত করতে হবে এবং তথ্য বিভাজন ভাঙতে হবে। দ্রুত কাজ করলে কোম্পানিগুলো নতুন পরিষেবা তৈরি করতে পারবে, গ্রাহক অভিজ্ঞতা উন্নত হবে এবং সাবস্ক্রিপশন ফি ছাড়াও নতুন আয় আসবে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, এআই দ্রুত প্রসার হচ্ছে। যারা দেরি করবে, তারা এরই মধ্যে এআই ব্যবহার করছে এমন প্রযুক্তি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। সঠিক বিনিয়োগ ও কৌশল নিয়ে টেলিকম কোম্পানিগুলো তাদের নেটওয়ার্ককে এআই সেবার বড় প্লাটফর্মে পরিণত করতে পারবে এবং দীর্ঘদিনের ডাটা ও প্রযুক্তিগত সমস্যাকে ব্যবসায়িক সুবিধায় রূপান্তর করতে পারবে।