চ্যাটজিপিটিকে ‘এভরিথিং অ্যাপ’ বানাতে জোরালোভাবে কাজ করছে ওপেনএআই। এ ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মতো গ্রুপ চ্যাট এবং ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচার চালু হয়েছে প্লাটফর্মটিতে। পরীক্ষামূলকভাবে গ্রুপ চ্যাট ফিচারটি জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে চালু হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
গত সপ্তাহে এআইপিআরএম কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার টিবোর ব্লাহো এক্সে চ্যাটজিপিটি ওয়েব অ্যাপে নতুন ‘গ্রুপ চ্যাট’ ফিচারের প্রথম ঝলক দেখান।
ব্লাহো বলেন, ‘চ্যাটজিপিটি ওয়েব অ্যাপে এখন টপ নেভিগেশন বারে “স্টার্ট আ গ্রুপ চ্যাট” বাটন রয়েছে। ফিচারটি ব্যবহার করে আপনি একটি লিংক তৈরি করতে পারবেন। এরপর সেটি অন্যদের সঙ্গে শেয়ার করে গ্রুপ চ্যাটে সদস্য যোগ করতে পারবেন। লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারী যোগ দিলে তারা গ্রুপ চ্যাটের আগের বার্তাগুলোও দেখতে পারবে।’
চ্যাটজিপিটি ওয়েব অ্যাপে আরো কিছু ফিচারের উল্লেখ রয়েছে, যেমন রিঅ্যাকশন যোগ করা, নির্দিষ্ট বার্তার উত্তর দেয়া, মেসেজ রিপোর্ট করা, কেউ টাইপ করলে তা দেখা, ফাইল আপলোড, ছবি তৈরি এবং ওয়েব সার্চ।
গ্রুপ চ্যাটকে আরো কার্যকর করতে সম্প্রতি ‘শেয়ারড প্রজেক্ট’ মোড চালু করেছে চ্যাটজিপিটি। এটি চ্যাটবটকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য মনে রাখার সুযোগ দেয়। এক্ষেত্রে দলের সদস্যরা একটি শেয়ার্ড প্রজেক্টে ডকুমেন্ট আপলোড করতে পারেন। এতে করে চ্যাটজিপিটি ভবিষ্যতের চ্যাটে প্রাসঙ্গিক উত্তর দিতে সেই তথ্য ব্যবহার করতে পারবে।
ওপেনএআই বলছে, শেয়ার্ড প্রজেক্টগুলো নিরাপদভাবে সংরক্ষিত থাকে। তাই সংবেদনশীল তথ্য বা চলমান বিষয় নিয়ে আলোচনার জন্য উপযুক্ত।
একসঙ্গে কাজের জন্য অ্যাপটিতে অন্য সহকর্মীদের আমন্ত্রণ জানানোর সুযোগ থাকছে। যেমন গুগল ডক শেয়ার করে একাধিক একসঙ্গে কাজ করা যায়। প্রজেক্টে যোগ দেয়া সদস্যরা চাইলে সেখানে শুধু আলোচনা করতে পারবেন বা সরাসরি তথ্য সম্পাদনাও করতে পারবেন।










