২০২৪ সালে গুগল প্লাটফর্ম থেকে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় তিন গুণের বেশি। এছাড়া একই সময় প্রায় ৫১০ কোটি ক্ষতিকর বিজ্ঞাপন বন্ধ করেছে গুগল। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক টেকজায়ান্টটি। বিজ্ঞাপনের জালিয়াতি ঠেকাতে ও প্লাটফর্মকে নিরাপদ রাখতে এটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক কঠোর পদক্ষেপের অংশ বলে জানায় গুগল। খবর টেকক্রাঞ্চ।

গুগলের তথ্যানুযায়ী, ২০২৪ সালে কোম্পানিটি ৯১০ কোটি বিজ্ঞাপনে বিধিনিষেধ আরোপ করেছে এবং ১৩০ কোটি ওয়েব পেজে বিজ্ঞাপন বন্ধ বা সীমিত করেছে। এছাড়া প্রতারণামূলক কার্যকলাপের জন্য ৫০ লাখের বেশি বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বন্ধ করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ২০২৩ সালে গুগল ১ কোটি ২৭ লাখের বেশি বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে। একই সঙ্গে ৫৫০ কোটি ক্ষতিকর বিজ্ঞাপন বন্ধসহ ৬৯০ কোটি বিজ্ঞাপনে বিধিনিষেধ আরোপ করা হয়। এ সময় গুগল ২১০ কোটি ওয়েব পেজে বিজ্ঞাপন বন্ধ বা সীমিত করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ব্লক করা এসব অ্যাকাউন্টের বেশির ভাগই গুগলের স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে শনাক্ত ও বন্ধ করা হয়।

গত বছর বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গের শীর্ষ ছয়টি কারণ উল্লেখ করেছে গুগল। এর মধ্যে আছে বিজ্ঞাপন নেটওয়ার্কের অপব্যবহার, ট্রেডমার্কের ভুল ব্যবহার, পারসোনালাইজড বিজ্ঞাপনের নীতি অমান্য, আইনি বিধি লঙ্ঘন, আর্থিক সেবাবিষয়ক সমস্যা ও প্রতারণামূলক বা বিভ্রান্তিকর তথ্য। এগুলো ছিল সবচেয়ে বেশি নীতি ভঙ্গের উদাহরণ।

গুগল বলছে, যেসব ওয়েব পেজে তারা বিজ্ঞাপন বন্ধ বা সীমিত করেছে, সেগুলোর বেশির ভাগেই ছিল সংবেদনশীল বা ক্ষতিকর কনটেন্ট। এর মধ্যে রয়েছে যৌনতা বা ‘অশ্লীল’ বিষয়বস্তু, বিপজ্জনক বা ঘৃণামূলক কনটেন্ট, ম্যালওয়্যার, ভয়ংকর ছবি বা ভিডিও, অস্ত্র বিক্রি বা প্রচার, অনলাইন জুয়া, অ্যালকোহল ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অপব্যবহার। ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ও বিজ্ঞাপন নীতিমালা অনুসরণ করতে গুগল প্রায়ই এ ধরনের পেজে বিজ্ঞাপন প্রদর্শন সীমিত করে।

বিজ্ঞাপনভিত্তিক প্রতারণা ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) টুল ব্যবহারের কথা জানিয়েছে গুগল। প্রযুক্তিটি নতুন ধরনের হুমকি ও অপব্যবহার দ্রুত শনাক্ত করতে সহায়তা করেছে। এসব টুল ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানের নাম বা অবৈধ লেনদেন তথ্যের মতো প্রাথমিক সংকেত শনাক্ত করে আগেভাগেই প্রতারণার চেষ্টা ঠেকাতে পারে।

গুগল জানিয়েছে, জনপ্রিয় ব্যক্তিদের ছদ্মবেশে প্রতারণার জন্য তৈরি এআই-চালিত ডিপফেক ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের নির্দিষ্ট নীতি লঙ্ঘনের জন্য তারা সাত লাখের বেশি বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বন্ধ করেছে।

গত এক দশকে ব্যবসার একটি বড় ক্ষেত্রে পরিণত হয়েছে অনলাইন বিজ্ঞাপন। কিন্তু বাজারটি একই সঙ্গে প্রতারকদের জন্য বড় একটি লক্ষ্যবস্তু। জেনারেটিভ এআইয়ের মাধ্যমে প্রতারণা সহজ হওয়ায় স্ক্যাম ধরা এখন আরো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষায় গুগলসহ অন্যান্য প্লাটফর্মের ওপর চাপ বেড়েছে। তবে একই সঙ্গে বৈধ বিজ্ঞাপনদাতাদের কার্যক্রমে যেন বাধা না আসে, সে বিষয়েও সতর্ক থাকতে হচ্ছে।

গুগল সম্প্রতি জানিয়েছে, বিজ্ঞাপনদাতার পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া ২০০টির বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত করেছে কোম্পানিটি। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা ও নির্বাচনসংশ্লিষ্ট বিজ্ঞাপনে এআই-চালিত কনটেন্টের নিয়ম মেনে চলা সহজ হয়েছে। ২০২৪ সালে গুগল ৮ হাজার ৯০০-এর বেশি নির্বাচনসংশ্লিষ্ট নতুন বিজ্ঞাপনদাতাকে যাচাই-বাছাই করেছে। যেগুলো নির্বাচনী বিজ্ঞাপন চালানোর জন্য নির্ধারিত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেনি, সেসব অ্যাকাউন্ট থেকে এক কোটির বেশি বিজ্ঞাপন সরিয়ে দেয়া হয়।