কোয়ান্টাম কম্পিউটিং গবেষণা কেন্দ্র চালুর পরিকল্পনা ঘোষণা করেছে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় কোম্পানি এনভিডিয়া। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোম্পানির বার্ষিক সফটওয়্যার ডেভেলপার সম্মেলনে প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং এ কথা জানান। খবর রয়টার্স।
হুয়াং জানান, গবেষণা কেন্দ্রে তারা হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীদের সঙ্গে মিলিত হয়ে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তিতে উদ্ভাবন ও বিকাশে কাজ করবে। গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, ‘কার্যকর কোয়ান্টাম কম্পিউটার আগামী ২০ বছরের মধ্যেই আসবে।’
এনভিডিয়া জানিয়েছে, গবেষণা কেন্দ্রের নাম হবে অ্যাক্সিলারেটেড কোয়ান্টাম রিসার্চ সেন্টার (এনভিএকিউসি)। প্রতিষ্ঠানটি কোয়ান্টাম প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করবে। ল্যাবটি চলতি বছর শেষের দিকে কার্যক্রম শুরু করতে পারে।
উল্লেখ্য, কোয়ান্টাম কম্পিউটিং এমন একটি প্রযুক্তি, যা কম্পিউটারকে কোয়ান্টাম মেকানিক্স বা পদার্থবিদ্যার বিশেষ নিয়ম ব্যবহার করে কাজ করতে সাহায্য করে। সাধারণ কম্পিউটারে তথ্য প্রক্রিয়া হয় বিট (০ বা ১) দিয়ে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহার হয় কিউবিট। কিউবিটে একসঙ্গে ০ ও ১ থাকতে পারে। ফলে সাধারণ কম্পিউটারের তুলনায় অনেক দ্রুত কাজ করে এসব কম্পিউটার। সাম্প্রতিক সময়ে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি খাতে নতুন মাত্রা যুক্ত করেছে। প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক স্তরে আছে। কিন্তু ভবিষ্যতে এটি অনেক বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।










