অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কোনো আইনজীবী এআই ব্যবহারের জন্য পেশাগত শাস্তির মুখোমুখি হয়েছেন। মামলার জন্য প্রয়োজনীয় নথি ও রেফারেন্স তৈরিতে এআই ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের এক আইনজীবী। কিন্তু প্রযুক্তিটি তাকে ভুল বা ভিত্তিহীন আইনগত তথ্য দেখিয়েছে, যা তিনি যাচাই করে দেখেননি। তবে তার নাম প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। শাস্তিস্বরূপ তিনি আর কোনো মামলার মূল আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না। খবর দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ওই আইনজীবী এক দম্পতির বিবাহ বিচ্ছেদসংক্রান্ত মামলায় স্বামীর পক্ষে ছিলেন। বিচারক অ্যামান্ডা হামফ্রিজের অনুরোধে পূর্ববর্তী একটি মামলার রায়ের রেফারেন্সসহ একটি তালিকা তিনি আদালতে পেশ করেছিলেন। তবে বিচারক যখন তালিকাটি পর্যালোচনা করেন, তিনি ও তার সহকর্মী তালিকায় থাকা কোনো মামলা চিহ্নিত করতে পারেননি ।

পরবর্তী আদালতের বৈঠকে ওই আইনজীবী স্বীকার করেন তিনি তালিকাটি এআই-ভিত্তিক আইনসংক্রান্ত সফটওয়্যারের মাধ্যমে তৈরি করেছেন।

তিনি আরো জানিয়েছেন, তথ্যগুলো আদালতে জমা দেয়ার আগে তিনি এর সত্যতা যাচাই করেননি। তিনি আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ প্রার্থনা করেন এবং অনুরোধ করেন যেন বিষয়টি আরো তদন্তের জন্য না পাঠানো হয়। সফটওয়্যারটি কীভাবে কাজ করে তা পুরোপুরি বুঝতে না পারার কথা স্বীকার করেছেন তিনি এবং এআইয়ের সহায়তায় তৈরি তথ্য যাচাই করার গুরুত্ব স্বীকার করেন।

বিচারক হামফ্রিজ তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন। তবে তিনি জনস্বার্থে তদন্তের প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন।

বিচারক বলেন, ‘আইনজীবীদের এআই ব্যবহারসংক্রান্ত পেশাগত আচরণ নিয়ে সতর্কতা জরুরি, বিশেষ করে যখন এআই টুলগুলো আইনি কাজে বেশি ব্যবহার হচ্ছে।’

ভিক্টোরিয়ান লিগ্যাল সার্ভিসেস বোর্ডের তদন্তের পর সিদ্ধান্ত অনুযায়ী, তিনি আর কোনো মামলায় প্রধান আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না, ট্রাস্টের অর্থ পরিচালনা করতে পারবেন না এবং কেবল একজন কর্মচারী আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

বোর্ডের মুখপাত্র বলেন, আইনজীবীরা যদি এআই ব্যবহার করেন, তবে তা অবশ্যই তাদের পেশাগত দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত।

এ ঘটনার পর অস্ট্রেলিয়ার আদালতে আরো ২০টির বেশি ঘটনা ধরা পড়েছে, যেখানে আইনজীবীরা এআই ব্যবহার করে তৈরি করা নথিতে ‘ভুল’ রায় জমা দিয়েছেন। এআই আইনি কাজের সহায়ক হলেও এটি পেশাদার বিচার ক্ষমতার বিকল্প নয় বলে সতর্ক করেছেন আইন বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার ল’ কাউন্সিলের সভাপতি জুলিয়ানা ওয়ার্নার বলেন, ‘‌আইনজীবীরা এআই ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং আদালত ও ক্লায়েন্টের প্রতি তাদের নৈতিক এবং পেশাগত দায়িত্ব সবসময় মনে রাখবেন।’