৫০ কোটি ডলারের একটি মামলার মীমাংসায় পৌঁছতে একমত হয়েছে ইলোন মাস্ক ও তার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স কর্প। ২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর ছাঁটাইয়ের কবলে পড়া কর্মীরা এ মামলা দায়ের করেছিলেন। খবর রয়টার্স।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালতে দাখিল করা নথিতে এক্স কর্প ও সাবেক কর্মীদের আইনজীবীরা এ চুক্তির খবর জানিয়েছেন। উভয় পক্ষ আপিল আদালতের কাছে অনুরোধ করেছে, যেন আসন্ন শুনানির তারিখ পিছিয়ে দেয়া হয়। এর কারণ তারা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে চাচ্ছে। তবে এ মীমাংসা চুক্তির আর্থিক শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

২০২২ সালে ইলোন মাস্ক টুইটার অধিগ্রহণের পর প্রায় ছয় হাজার কর্মীকে ছাঁটাই করেছিলেন এবং কোম্পানির নাম পরিবর্তন করে এক্স কর্প রাখেন। এরপর থেকেই ছাঁটাইকৃত কর্মীদের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলাটি করেছিলেন টুইটারের সাবেক কর্মচারী কোর্টনি ম্যাকমিলিয়ান ও রোনাল্ড কুপার। তাদের অভিযোগ, টুইটার ২০১৯ সালের একটি পরিকল্পনা অনুযায়ী কর্মীদের প্রাপ্য বিচ্ছেদকালীন ভাতা (সিভিয়ারেন্স পে) দেয়নি। সেই পরিকল্পনা অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের দুই মাসের বেতনের পাশাপাশি প্রতি বছরের চাকরির জন্য এক সপ্তাহের অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল। আর জ্যেষ্ঠ কর্মীদের ছয় মাসের বেতন পাওয়ার কথা ছিল।

মামলায় বলা হয়, টুইটার ছাঁটাইকৃত কর্মীদের সর্বোচ্চ এক মাসের বিচ্ছেদকালীন ভাতা দিয়েছিল, আর অনেকেই কোনো অর্থই পাননি। মাস্ক কোম্পানি অধিগ্রহণের পর খরচ কমানোর অংশ হিসেবে অর্ধেক কর্মীকে ছাঁটাই করেছিলেন। সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত গত বছরের জুলাইয়ে মামলাটি খারিজ করে দিলেও কর্মীরা এর বিরুদ্ধে আপিল করেছিলেন। আগামী ১৭ সেপ্টেম্বর এ আপিলের ওপর শুনানি হওয়ার কথা ছিল।

বিশ্লেষকরা মনে করছেন, এ চুক্তির মাধ্যমে মাস্কের জন্য একটি বড় আইনি জটিলতার অবসান হতে যাচ্ছে।