২০৩০ সালের মধ্যে ক্লাউড অবকাঠামো ব্যবসা থেকে আয় বেড়ে ১৬৬ বিলিয়ন (১৬ হাজার ৬০০ কোটি) ডলারে পৌঁছার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি ওরাকল। এ সময়ে ওরাকলের মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসতে পারে ক্লাউড অবকাঠামো থেকে। কোম্পানিটি ভবিষ্যতের প্রধান আয়ের উৎস হিসেবে ক্লাউড পরিষেবার ওপর জোর দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

আর্থিক বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে ওরাকলের ক্লাউড বিভাগের প্রধান ক্লে ম্যাগুয়ার্ক সম্প্রতি জানান, কোম্পানির নতুন ক্লাউড চুক্তি শুধু ওপেনএআই নয়, বরং বিভিন্ন ধরনের গ্রাহকের কাছ থেকেও আসছে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার সঙ্গে সম্প্রতি নতুন ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার কোম্পানি ওরাকল। গত মাসে জানা যায়, কোম্পানি দুটি প্রায় ২ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করতে আলোচনায় বসেছে। চুক্তিটি দ্রুত বাড়তে থাকা এআই ক্লাউড বাজারে ওরাকলের অবস্থান আরো শক্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওরাকলের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ডগ কেহরিং জানিয়েছেন, আগামী পাঁচ বছরে কোম্পানিটি সব মিলিয়ে ২২৫ বিলিয়ন (২২ হাজার ৫০০ কোটি) ডলার আয় করতে পারে। ওরাকল এরই মধ্যে শত শত বিলিয়ন ডলারের ডাটা সেন্টার, সার্ভার, ক্লাউড পরিষেবা ও প্রযুক্তিগত অবকাঠামো নিয়ে চুক্তি করেছে। চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে যৌথভাবে ৫০ হাজার কোটি ডলারের একটি বৃহৎ প্রকল্পে কাজ করছে ওরাকল। এ প্রকল্পের আওতায় পাঁচটি নতুন ডাটা সেন্টার নির্মাণ করা হবে।

উল্লেখ্য, গত প্রান্তিকে ওরাকলের ক্লাউড ব্যবসার আয় ২৮ শতাংশ বেড়ে ৭২০ কোটি ডলারে পৌঁছেছে।

ক্লাউড বিভাগের প্রধান ক্লে ম্যাগুয়ার্ক বলেন, ‘আগের প্রান্তিকে মাত্র ৩০ দিনের মধ্যে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে (ওসিআই) ৬ হাজার ৫০০ কোটি ডলারের নতুন চুক্তি করেছে। এর মধ্যে ২ হাজার কোটি ডলারের চুক্তিটি ছিল মেটা প্লাটফর্মসের সঙ্গে।’

ওপেনএআই ও ওরাকল প্রায় ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তিতে স্বাক্ষর করেছে গত মাসে। এ প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার তৈরি করা হবে এবং প্রাথমিকভাবে নির্মাণ খরচ ধরা হয়েছে ৪৫০ কোটি ডলার।

ক্লে ম্যাগুয়ার্ক আরো উল্লেখ করেন, ওরাকলের ক্লাউড ব্যবসা একক গ্রাহকের (ওপেনএআই) ওপর নির্ভরশীল নয়, বরং বিভিন্ন গ্রাহকের কাছ থেকেও বড় আকারের চুক্তি আসছে।

গত জানুয়ারিতে ওপেনএআই ঘোষণা করে, সফটব্যাংক ও ওরাকলের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্রজুড়ে একাধিক এআই ডাটা সেন্টার নির্মাণ করবে কোম্পানিটি। গত কয়েক বছরে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বিভাগ সম্প্রসারণে কাজ করছে ওরাকল। প্রতিষ্ঠানটি এখন অ্যামাজন ও গুগলের টেক জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করছে।