২০২৪ সালের মাঝামাঝিতে ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাডস ‘বাডস ৫’ চীনে উন্মোচন করে প্রযুক্তি কোম্পানি শাওমি। এর পর পরই এটি বিশ্ববাজারে আসে। কোম্পানিটি এখন বাডস ৫ প্রো নিয়ে কাজ করছে বলে জানা গেছে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাটস্টেশন জানিয়েছে, নতুন ফ্ল্যাগশিপ ইয়ারবাডসে উন্নত সংযোগ ব্যবস্থা ও ব্যবহারের সুবিধাসহ বেশকিছু নতুন ফিচার যোগ করা হবে। খবর গিজচায়না।
ফাঁস হওয়া তথ্যানুযায়ী, বাডস ফাইভ প্রো ইন-ইয়ার ডিজাইনের সঙ্গে অ্যাকটিভ নয়েজ ক্য্যানসেলেশন সুবিধা নিয়ে আসবে। সবচেয়ে বড় পরিমার্জনের মধ্যে রয়েছে ওয়াই-ফাই সুবিধা, যা অডিও স্ট্রিমিং ও সংযোগ আরো উন্নত করতে পারে। টিডব্লিউএস ইয়ারবাডগুলো ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের সঙ্গে যুক্ত হয়। কিন্তু ওয়াই-ফাই সুবিধা থাকলে এটি ব্লুটুথের পাশাপাশি ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গেও সংযুক্ত হতে পারবে। এছাড়া নতুন ইয়ারবাডসে পিঞ্চভিত্তিক জেশচার কন্ট্রোল যুক্ত করা হবে। এর মাধ্যমে ইয়ারবাডসের পাশে আঙুল দিয়ে চাপ দিলে ভলিউম কমানো বা বাড়ানো, গান চালু বা বন্ধ করা সম্ভব হতে পারে।
ডিজিটাল চ্যাটস্টেশন আরো জানিয়েছে, বাডস ৫ প্রোর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো রিয়েল টাইম অনুবাদ। এটি ব্যবহারকারীকে চলমান কথোপকথন অনুবাদ করার সুবিধা দেবে। এছাড়া ওয়্যারলেস চার্জিংও সমর্থন করবে ডিভাইসটি।
এসব উন্নত সুবিধার পাশাপাশি ইয়ারবাডসটির অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচারগুলো বর্তমান বাডস ৫-এর মতোই থাকবে। যদিও শাওমি এখনো আনুষ্ঠানিকভাবে বাডস ৫ প্রো সিরিজ সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে, ১৫ আল্ট্রা স্মার্টফোন ও শাওমি এসইউভি গাড়ির সঙ্গে চলতি মাসে চীনে আনুষ্ঠানিকভাবে এটি বাজারে নিয়ে আসতে পারে।
উল্লেখ্য, চীনভিত্তিক শাওমি তাদের প্রথম ‘বাটনলেস’ ডিজাইনের ফোন তৈরি করছে বলেও জানা গেছে। নতুন এ ফোনে ফিজিক্যাল কোনো বাটন থাকছে না। গত বছর এ বিষয়ে প্রযুক্তিসংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছিলেন যে ডিভাইসটি ২০২৫ সালের দিকে প্রকাশ করা হতে পারে। স্মার্টফোনটিতে পাওয়ার বা ভলিউম নিয়ন্ত্রণের জন্য প্রথাগত ফিজিক্যাল বাটন থাকবে না বলে জানান চান ভাই নামে এক টিপস্টার।










