আগামী পাঁচ বছরে ডাটা সেন্টার চিপ ব্যবসা থেকে বছরে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার আয় করার প্রত্যাশা করছে চিপ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। একই সময়ে কোম্পানিটি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এএমডির মোট আয় বর্তমানের তুলনায় তিন গুণেরও বেশি বৃদ্ধি পাবে। খবর রয়টার্স।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি গত মাসে ওপেনএআইয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর থেকে এএমডির শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে। চুক্তিটির মাধ্যমে কোম্পানিটি প্রতি বছর হাজার কোটি ডলারের আয় করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এএমডি ও ওপেনএআইয়ের চুক্তির ফলে এআই চিপ বাজারে এনভিডিয়ার শীর্ষ অবস্থানে কোনো প্রভাব পড়বে না। তবু এ অংশীদারত্বের ফলে এএমডির চিপগুলো বাজারে গুরুত্ব ও আস্থা অর্জন করছে। পাশাপাশি মঙ্গলবার এএমডির আয়ের আশাব্যঞ্জক পূর্বাভাসে বিনিয়োগকারীরা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন।
এএমডি বলেছে, ২০৩০ সালের মধ্যে কোম্পানির ডাটা সেন্টার চিপ বাজারের আকার ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারে পৌঁছতে পারে। নিউইয়র্কে আয়োজিত বিনিয়োগকারীদের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লিসা সু এ তথ্য দেন।
লিসা সু বলেন, ‘ডাটা সেন্টারই এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত এবং এএমডি এতে খুবই ভালোভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে।’
সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা জিন হু জানান, আগামী তিন থেকে পাঁচ বছরে এএমডি প্রতি বছর পুরো ব্যবসায়িক ক্ষেত্রে গড়ে ৩৫ শতাংশ এবং ডাটা সেন্টার ব্যবসায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি আশা করছে।
এএমডির পরবর্তী প্রজন্মের এআই চিপ সিরিজ এমআই৪০০ বাজারে আসছে আগামী বছর। এটি বৈজ্ঞানিক গবেষণা ও জেনারেটিভ এআইয়ের মতো কাজে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। এ চিপের পাশাপাশি এএমডি একটি সম্পূর্ণ সার্ভার রÅvক উন্মোচনের পরিকল্পনাও করছে।










