ফোল্ডেবল আইফোনের বাজারে প্রবেশ করছে অ্যাপল। টেক জায়ান্টটি তাইওয়ানের সরবরাহকারীদের সঙ্গে পরীক্ষামূলক উৎপাদন নিয়ে আলোচনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিক্কেই এশিয়া। তাইওয়ানে প্রাথমিকভাবে ছোট পরিসরে ডিভাইসগুলো তৈরি ও পরীক্ষা করা হবে। পরে ভারতে বড় পরিসরে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। খবর দ্য হিন্দু।

স্মার্টফোন খাত-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, ২০২৬ সালে ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে। আর অ্যাপল-সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, মডেলটি ২০২৬ সালে কোম্পানির উৎপাদন লক্ষ্য পূরণে সাহায্য করবে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল আগামী বছর প্রায় ১০ কোটি নতুন মডেলের ফোন উৎপাদনের পরিকল্পনা করছে, যা চলতি বছরের উৎপাদনের তুলনায় ১০ শতাংশ বেশি।

এতে আরো বলা হয়, ছোট পরিসরে পরীক্ষামূলক উৎপাদন প্রক্রিয়া শুরুর জন্য তাইওয়ানের সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। প্রথম ধাপে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও এসবের মান পরীক্ষা করা হবে। তাইওয়ানে পরীক্ষাটি সফল হলে এ প্রক্রিয়া ভারতে প্রয়োগ করে বড় পরিমাণে ফোন উৎপাদন শুরু হবে। তবে অ্যাপল এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

উল্লেখ্য চলতি মাসের শুরুতে বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন ও উন্নত আইফোন সিরিজ এবং একটি পাতলা আইফোন এয়ার উন্মোচন করেছে অ্যাপল। প্লাস মডেলকে বিদায় দিয়ে আইফোন এয়ার এনেছে কোম্পানিটি। এটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন বলে দাবি অ্যাপলের।