ব্যবহারিক অভিজ্ঞতায় পরিবর্তন আনতে নতুন ডিজাইনের স্ট্যাটাস ট্যাবের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডের হালনাগাদ বেটা ভার্সনে নতুন এ ট্যাবের সন্ধান পাওয়া গেছে। খবর গিজমোচায়না।
গুগল প্লে স্টোরে আপডেটের মাধ্যমে মেসেজিং অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে। নতুন ইন্টারফেসে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট দেখা যাবে।
স্ট্যাটাস আপডেট দেখার জন্য ইন্টারফেসে বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে আগের প্রোফাইল পিকচার যুক্ত হরিজনটাল বা অনুভূমিক লেআউট পরিবর্তন করা হবে। নতুন ডিজাইনের পর থেকে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট ট্রে থেকেই অন্যের স্ট্যাটাস দেখতে পারবে।
প্রিভিউয়ের জন্য থাম্বনেইলেও পরিবর্তন আনছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। এর মাধ্যমে কার স্ট্যাটাস আপডেট দেখা হবে সেটির নিয়ন্ত্রণ ব্যবহারকারীর কাছে থাকবে। এছাড়া আপডেটস ট্যাবে বিভিন্ন চ্যানেলের নতুন পোস্ট দেখানোর পদ্ধতিতেও পরিবর্তন আসবে।
বর্তমানে নতুন ডিজাইনের ইন্টারফেসটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্টসংখ্যক বেটা পরীক্ষকদের জন্য চালু করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে ডিজাইনে পরিবর্তন আনা হবে এবং ভবিষ্যতে সবার জন্য চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










