ফরাসি ভিডিও গেম কোম্পানি ইউবিসফট খরচ কমানোর অংশ হিসেবে প্রায় ১৮৫ কর্মীকে ছাঁটাই করছে। তারা সম্পূর্ণভাবে ইংল্যান্ডের লিমিংটন স্টুডিও বন্ধ করে দিচ্ছে, যেখানে ৫০ জন কর্মী কাজ করতেন। এছাড়া কোম্পানিটি সুইডেনের স্টকহোম, জার্মানির ডুসেলডর্ফ ও ইংল্যান্ডের নিউক্যাসল (ইউবিসফট রিফ্লেকশনস) অফিস থেকে কর্মী সংখ্যা কমাবে। কয়েকটি ব্যর্থ প্রকল্পের পর এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট।

ইউবিসফট বলেছে, ‘কোম্পানির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত ও ব্যয় কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রাধিকার দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ইউবিসফট ডুসেলডর্ফ, ইউবিসফট স্টকহোম ও ইউবিসফট রিফ্লেকশনসে নির্দিষ্ট পুনর্গঠনের ঘোষণা দিয়েছি। পাশাপাশি ইউবিসফট লিমিংটন স্টুডিও স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। দুঃখজনকভাবে এতে মোট ১৮৫ জন কর্মী প্রভাবিত হবেন। আমরা তাদের অবদানে গভীরভাবে কৃতজ্ঞ এবং এ পরিবর্তনের সময় তাদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ভিডিও গেমবিষয়ক ওয়েবসাইট ইউরোগেমারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ইউবিসফটের কর্মী সংখ্যা ২০ হাজার ২৭৯ থেকে কমে ১৮ হাজার ৬৬৬ হয়েছে।