তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি আইসিটি একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।

গতকাল দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং হুয়াওয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির চ্যানেল সেলসের পরিচালক ঝ্যাং চেং। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতা করেন যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান। 

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের তরুণ আইসিটি শিক্ষার্থীরা যেন বিশ্ব পেশাবাজারে নিজেদের জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ আইসিটি একাডেমি পরিচালনা করতে চায় হুয়াওয়ে।

সমাঝোতা স্মারকের ফলে এসব প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন যবিপ্রবির শিক্ষার্থীরা। দুই প্রতিষ্ঠান মিলিত হয়ে আইসিটিভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করবে। যা পরিচিত হবে হুয়াওয়ে-যবিপ্রবি আইসিটি একাডেমি নামে। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজারের জন্য নিজেদের উপযুক্ত করে তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে। সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আইসিটি একাডেমি-অপারেশন এবং ক্যারিয়ায়ের সুবিধা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।