সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান নিক পিকলস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রায় এক দশক ধরে কোম্পানির সঙ্গে কাজ করার পর এ সিদ্ধান্ত নেন। তবে পিকলসের হঠাৎ চলে যাওয়ার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কোম্পানিটি। খবর রয়টার্স। 

নিক পিকলস জানান, তিনি ২০১৪ সালে টুইটারে (বর্তমান এক্স) যোগ দেন। বেশ কয়েক মাস আগে এক্স ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি এবং এর জন্য প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোর সঙ্গে কাজ করছিলেন। পিকলস কোম্পানিতে তার এতদিনের কাটানো সময়কে ‘অবিশ্বাস্য যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘১০ বছরেরও বেশি সময় পর আগামীকাল এক্সে হবে আমার শেষ দিন।’ 

পিকলসের লিংকডইন প্রোফাইলের তথ্যানুযায়ী, কোম্পানিটির লন্ডন অফিসে একজন সিনিয়র ম্যানেজার হিসেবে এক্সে যাত্রা শুরু করেছিলেন তিনি এবং একাধিক ভূমিকা পালন করার পর ২০২৩ সালে এক্সের গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন।

ফাইন্যান্সিয়াল টাইমস অনুযায়ী, নিক পিকলস কোম্পানির মুখপাত্র হিসেবে বিভিন্ন সরকারের সঙ্গে বিরোধের সময় ভূমিকা পালন করেছেন। অর্থাৎ পিকলস সরকার সম্পর্কিত বিষয়গুলো সামলানোর ও যোগাযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন।

তবে রয়টার্স জানিয়েছে, পিকলসের পদত্যাগের বিষয়ে মন্তব্যের জন্য তাদের অনুরোধে সাড়া দেয়নি ইলোন মাস্কের মালিকানাধীন এক্স ও নিক পিকলস। এদিকে জুনে এক্সের বিজনেস অপারেশনসের প্রধান জো বেনারচ কোম্পানি ছেড়ে চলে যান। সংশ্লিষ্টদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল বিষয়টি নিশ্চিত করে।