বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক মিউজিক টুল তৈরি করতে যাচ্ছে। কোম্পানি জানিয়েছে, এই টুলগুলো ‘দায়িত্বশীলভাবে’ তৈরি করা হবে। যাতে শিল্পী, সুরকার ও গান রচয়িতাদের অধিকার এবং কপিরাইট সর্বোচ্চ গুরুত্ব পায়। খবর বিবিসি।
স্পটিফাই এই প্রকল্পে কাজ করবে বিশ্বের তিনটি শীর্ষ মিউজিক কোম্পানি—সনি মিউজিক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ও ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে। এরা বিশ্বব্যাপী মিউজিক শিল্পের প্রধান অংশীদার। এছাড়া প্রকল্পে অংশ নিচ্ছে মিউজিক রাইটস ফার্ম মেরলিন এবং ডিজিটাল মিউজিক কোম্পানি বিলিভ।
স্পটিফাই পুরোপুরি টুলগুলোর বিবরণী প্রকাশ করেনি। তবে প্রথম প্রোডাক্টের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, শিল্পীরা চাইলে স্বেচ্ছায় এই টুল ব্যবহার করতে পারবেন। স্পটিফাইয়ের কো-প্রেসিডেন্ট অ্যালেক্স নরস্ট্রম বলেন, ‘প্রযুক্তি সব সময় শিল্পীদের জন্য কাজ করা উচিত, শিল্পীদের প্রযুক্তির জন্য নয়।’
মিউজিক দুনিয়ায় এআই ব্যবহারের বিতর্কের মধ্যেই এই ঘোষণা এলো। ডুয়া লিপা, স্যার এলটন জন ও স্যার পল ম্যাককার্টনির মতো বিখ্যাত শিল্পীরা অভিযোগ করেছেন, অনেক এআই কোম্পানি তাদের অনুমতি বা পারিশ্রমিক ছাড়াই গান ব্যবহার করে টুল তৈরি করছে। সমালোচকরা বলছেন, এআই-জেনারেটেড মিউজিক মানুষের স্ট্রিমিং আয় কমিয়ে দিতে পারে।
নিউ অরলেন্সভিত্তিক মিউজিক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মিডসিটিজেন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘এআই সৃজনশীল পরিবেশকে নষ্ট করেছে।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার ম্যাক্স বনানো বলেন, ‘এআই-জেনারেটেড গান স্ট্রিমিং রয়্যালটির সীমিত আয়কে আরো কমিয়ে দিয়েছে।’
তবে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফেয়ারলি ট্রেইনডের প্রতিষ্ঠাতা এড নিউটন-রেক্স। তিনি বলেন, ‘স্পটিফাইয়ের পরিকল্পনা ভিন্ন। এআই ফিচার তৈরি হবে শিল্পীদের অনুমতিতে ও স্বেচ্ছায়, ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক নয়।’
স্পটিফাই নিজে কোনো গান তৈরি করে না, তবে অনেক দিন ধরেই এআই প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রযুক্তি দিয়ে তারা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী প্লেলিস্ট তৈরি করে, যেমন ‘ডেইলিস্ট’ ও এআই ডিজে সেবা। প্ল্যাটফর্মটিতে কিছু এআইয়ের তৈরি গানও ছিল।
তবে সম্প্রতি স্পটিফাই এমন গান সরিয়ে দিয়েছে, যেগুলো আসল শিল্পীর কণ্ঠ নকল করেছিল বা এআই ব্যবহারের তথ্য গোপন করেছিল। বর্তমানে গান তৈরির বিভিন্ন পর্যায়ে—যেমন অটোটিউন, মিক্সিং ও মাস্টারিংয়েও এআই ব্যবহৃত হচ্ছে।
ওয়ার্নার মিউজিক গ্রুপের প্রধান রবার্ট কিনক্ল বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এআই শিল্পী, সুরকার ও গান রচয়িতাদের বিপক্ষে নয়, বরং তাদের জন্য কাজ করবে। নতুন এআই লাইসেন্সিং চুক্তির মাধ্যমে শিল্পীদের যথাযথ ক্ষতিপূরণ ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’
এই উদ্যোগের মাধ্যমে স্পটিফাই আশা করছে, শিল্পীদের অধিকার রক্ষা করে এআইকে সৃজনশীল নতুন সুযোগ হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।










