কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের শক্তিশালী চাহিদার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) মুনাফা ৩৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির আয় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে নতুন রেকর্ড ছুঁয়েছে। খবর রয়টার্স।
টিএসএমসি জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ৯৮ হাজার ৯৯২ কোটি তাইওয়ান ডলার। যদিও বিশ্লেষকদের প্রত্যাশিত মুনাফা ছিল ৯৭ হাজার ৭৪৬ কোটি তাইওয়ান ডলার। পাশাপাশি নিট আয় দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৩০ কোটি ডলার, যা বিশ্লেষকদের ৪১ হাজার ৭৬৯ কোটি তাইওয়ান ডলার পূর্বাভাসের তুলনায় বেশি।
বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তির চাহিদা বাড়ার সুবিধা পাচ্ছে এশিয়ার বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান টিএসএমসি। কোম্পানিটি এনভিডিয়া ও অ্যাপলসহ বড় টেক জায়ান্টদের জন্য উন্নত এআই প্রসেসর উৎপাদন করছে।
টিএসএমসির সিইও সিসি ওয়েই বলেন, ‘সাম্প্রতিক এআই বাজারের পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক। গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এআই মডেল গ্রহণের প্রবণতা বাড়ায় কম্পিউটিং চাহিদা বেড়ে যাচ্ছে। ফলে সেমিকন্ডাক্টর পণ্যের চাহিদাও বাড়ছে।’
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানির বিক্রির বড় অংশের ভূমিকা রেখেছে টিএসএমসির হাইপারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) বিভাগ। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত। টিএসএমসির গত প্রান্তিকের মোট আয়ের ৫৭ শতাংশ এসেছে এইচপিসি থেকে।
কোম্পানিটি জানিয়েছে, টিএসএমসির আয়ের আরেকটি বড় অংশ আসে উন্নত চিপ থেকে। বিশেষ করে যেসব চিপের আকার ৭ ন্যানোমিটার বা তার ছোট।










