টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বিভাগ স্যামসাং সেমিকন্ডাক্টর নতুন একটি চিপ উন্মোচন করেছে। এস২এমআইডব্লিউ০৬ চিপটির সাহায্যে স্মার্টফোনে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। খবর গিজচায়না।
স্যামসাং সেমিকন্ডাক্টরের নতুন এ চিপ কিউআই ২.২ চার্জার ও ম্যাগনেটিক চার্জারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এটি নানা ধরনের ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যাবে। বর্তমানে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো ২৫-৪৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সমর্থন করে। নতুন চিপটির সাহায্যে আরো দ্রুতগতিতে আসন্ন ডিভাইসগুলোয় চার্জ করা যাবে।
স্যামসাং বেশ কয়েকটি চার্জারের সঙ্গে এস২এমআইডব্লিউ০৬ পরীক্ষা করে দেখেছে। এর মধ্যে কিউআই সনদ ব্যতীত চার্জারও রাখা হয়েছিল, যাতে সব ধরনের ডিভাইসেই চিপটি ঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করে নেয়া যায়।
চিপটি কিউআই ২.২ মানদণ্ড মেনে চলায় স্যামসাং ব্যতীত ডিভাইসগুলোয় এক্সটেন্ডেড পাওয়ার প্রোফাইলের (ইপিপি) সাহায্যে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। ম্যাগনেটিক ফোর্স প্রোফাইলের (এমপিপি) মাধ্যমে ম্যাগনেটিক চার্জার ও অন্যান্য অ্যাকসেসরিজের সঙ্গেও মানানসই এটি। ফলে স্যামসাং ব্যবহারকারীরা অ্যাপলের ম্যাগসেফের মতো অভিজ্ঞতা পাবেন।
কোন ডিভাইসগুলোয় এস২এমআইডব্লিউ০৬ চিপ ব্যবহার করা হবে তা স্যামসাং জানায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, স্যামসাং এস২৫ আল্ট্রা ফোনে ব্যবহার করা হতে পারে। নির্দিষ্ট তারিখ না জানালেও স্যামসাং নিশ্চিত করেছে, কিউআই২ সমর্থন করে এমন একটি গ্যালাক্সি স্মার্টফোন ২০২৫ সালে বাজারে আসবে। এতে নতুন চিপ ব্যবহার করা হবে।










