পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তৃতীয়বারের মতো শিরোপা জিতল লাহোর কালান্দার্স। লাহোরে রোববার রাতের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করে ১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় লাহোর।

টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৪ সালের আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২০০ রান তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। কাকতালীয়ভাবে সেই দলেও ছিলেন সাকিব। এবার তিনি খেলেছেন লাহোরে। যদিও ফাইনালে জায়গা পাননি ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। তার জায়গা নেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

AP25145688961501

লাহোরের স্কোয়াডে সাকিব ছাড়াও বাংলাদেশের রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ছিলেন। যদিও ফাইনালে সুযোগ পেয়েছেন শুধু রিশাদ। যদিও দিনটি ভালো যায়নি এ স্পিনারের। ৪ ওভারে ৪২ রান দিয়ে নিতে পেরেছেন মাত্র ১ উইকেট। হাসান নওয়াজ ৪৩ বলে ৭৬ রান করে কোয়েটাকে দুশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে ৩টি উইকেট নেন। পরে লংকান বামহাতি হার্ডহিটার কুশল পেরেরার (৩১ বলে ৬২*) ব্যাটে ও রাজার বীরত্বে (৭ বলে ২২*) শেষ ১২ বলে ৩১ রান তোলার সমীকরণ মিলিয়েছে লাহোর। এছাড়া মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করেন।