মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। বোলারদের কল্যাণে ২৭ রানের লিড পেয়েও তারা এখন হারের শঙ্কায়। রোস্টন চেজ ও জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে বিপর্যস্ত বাংলাদেশ ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে।
আলোকস্বল্পতায় গতকাল তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা আগেই শেষ হয়ে যায়। তার আগেই স্বাগতিকদের বড় ক্ষতি করে ফেলেন দুই স্পিনার চেজ (৩টি) ও ওয়ারিক্যান (২টি)। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৯ রান। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড ১০৬ রানের। নাঈম হাসান ও জাকের আলী প্রাণপণ লড়ে দলের আশা বাঁচিয়ে রেখেছেন। উভয়ই অপরাজিত রয়েছেন ১৮ রানে।
গতকাল পর্যন্ত দুই দলের পতন হওয়া ২৬ উইকেটের মধ্যে স্পিনাররাই নিয়েছেন ২০টি! গতকাল বাংলাদেশের পতন হওয়া ৬ উইকেটের ৫টি এবং সব মিলিয়ে পতন হওয়া ১৬ উইকেটের ১২টি নিয়েছেন ক্যারিবীয় স্পিনাররা। প্রতিপক্ষের জন্য পেতে রাখা স্পিনের ফাঁদেই কি পড়ল বাংলাদেশ?
৪ উইকেটে ১৩৪ রান নিয়ে গতকাল সকালে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। প্রথম সেশনে ২টি ও দ্বিতীয় সেশনে ৪টি উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। মধ্যাহ্নভোজের বিরতির পর ৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা। নাঈম হাসান ৩৩ রানে ৪টি, মেহেদী হাসান মিরাজ ৬৫ রানে ২টি ও তাইজুল ইসলাম ৭৯ রানে ২টি উইকেট নেন।
এরপর ক্যারিবীয় ঘূর্ণিতে নিজেদেরই কন্ডিশনে বিপর্যস্ত বাংলাদেশ। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে সূচনা করে দিয়ে যান পেস বোলার শামার জোসেফ। এরপর ৫২ রানের মধ্যে বাংলাদেশের ৫ উইকেট তুলে নেন চেজ ও ওয়ারিক্যান। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। একটি পর্যায়ে তারা ৫৩ রানে ৬ উইকেট হারায়। এরপর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নাঈম ও জাকের। ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং টার্গেট দিতে এখন এ জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।










