ক্রিকেটের মক্কা লর্ডসে আজ শুরু হচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অন্যদিকে ইতিহাস আর সংশয়ের ভার কাঁধে নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। ১৯১২ সালে লর্ডসে প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১১৩ বছর পর আবারও লর্ডসেই, তবে এবার তাদের দৃষ্টি নিশ্চিতভাবেই অনেক উঁচুতে।
টানা তিন ফরম্যাটে চার বছরে চতুর্থ বিশ্ব শিরোপার খোঁজে অস্ট্রেলিয়া। সাফল্যের এই যাত্রায় প্যাট কামিন্সের নেতৃত্বে রয়েছেন সেই পুরোনো অভিজ্ঞ চারজন—স্টার্ক, হ্যাজেলউড, লায়ন, কামিন্স—যারা একসঙ্গে সবাই ২৫০ এর বেশি উইকেট নিয়ে প্রথম বোলিং ইউনিট হিসেবে গড়েছেন ইতিহাস।
কিন্তু অজিদের ব্যাটিং অর্ডারে ঘটেছে বড় রদবদল। মার্নাস লাবুশেন প্রথমবার ওপেন করবেন, আর ইনজুরির পর প্রথম টেস্টে কামব্যাক করা ক্যামেরন গ্রিন ব্যাট করবেন ৩ নম্বরে। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে গ্রিনের এটাই হবে দ্বিতীয়বার ৩ নম্বরে ব্যাট করা।
অন্যদিকে, ১৯৯৮ সালের আইসিসি নকআউট চ্যাম্পিয়নশিপ ছাড়া কোনো বিশ্ব শিরোপা নেই দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। এবারও অনেকে বলছেন, সহজ পথেই তারা এসেছে ফাইনালে। তবে শেষ সাতটি টেস্টই জিতে এসেছে প্রোটিয়ারা। আর দলে আছে তরুণ তুর্কি ও আইপিএল অভিজ্ঞ ব্যাটারদের মিশ্রণ—রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরাইন্না। বোলিং আক্রমণের নেতৃত্বে আছেন লর্ডসে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয়া কাগিসো রাবাদা। তার সঙ্গে রয়েছেন লুনগি এনগিডি, মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ। ক্যাপ্টেন টেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এই ফাইনাল শুধু ট্রফির জন্য নয়, নিজেদের প্রমাণের জন্যও গুরুত্বপূর্ণ।
লর্ডসের উইকেট এ বছর শুকনো। তাই স্পিনারদেরও ভূমিকা থাকতে পারে। আবহাওয়া প্রধানত ভালো, তবে মাঝেমধ্যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই কোনো দলই অল-পেইস অ্যাটাক নিয়ে নামছে না।
পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া। লর্ডসে ১৮ জয়ের বিপরীতে ৭ হার ও ১৫ ড্র অজিদের। দক্ষিণ আফ্রিকার ৬ জয়ের পাশে ৮ হার।
দুই দলের সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: উসমান খাজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরাইন্না (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।










