ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজুর রহমান। এরপরও পাঞ্জাব ৮ উইকেটে ২০৬ রানের সৌধ গড়েছে। এই রান তাড়া করতে নেমে দিল্লি ৬ উইকেটের জয় তুলে নিয়েছে। এই জয়ে পঞ্চম হয়ে এবারের আইপিএল শেষ করল দিল্লি। আর শীর্ষস্থানে ওঠার সুযোগ হারাল পাঞ্জাব।
প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং ও মার্কো ইয়ানসেনকে শিকারে পরিণত করেন মুস্তাফিজুর রহমান। তার নামের পাশে থাকতে পারতো ৪/৩৩। ইনিংসের শেষ শেষ ওভারে তার স্লোয়ার বলে মার্কাস স্টয়নিসের ব্যাটে টপ-এজ হলে ক্যাচ উঠে যায়। মুস্তাফিজ ক্যাচ নিতে ছুটে যান মিডউইকেট অঞ্চলের দিকে, যদিও আরেকজন ফিল্ডার ছুটে আসায় শেষ পর্যন্ত কেউই ক্যাচ নিতে পারেননি। তাতে ৩৩ রানে ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজকে। এদিন আইপিএলে উইকেট শিকারে সাকিবকে টপকে গেলেন তিনি। সাকিব নিয়েছেন ৬৩ উইকেট, মুস্তাফিজের নামের পাশে ৬৫ উইকেট।
চলতি আইপিএলে এটা মুস্তাফিজের তৃতীয় ও শেষ ম্যাচ। গুজরাট টাইটানসের সঙ্গে প্রথম ম্যাচে উইকেট পাননি। মুম্বাইয়ের বিপক্ষে পরের ম্যাচে ৩০ রানে নেন ১ উইকেট। আজ নিলেন ৩টি। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে তিনি এখন যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।










