লন্ডনের ঐতিহ্যবহুল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বুধবার প্রথম দিন কর্তৃত্ব করেন দুই দলের পেসারার। এ লড়াইয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে বোলিং নেয়া দক্ষিণ আফ্রিকা ২১২ রানে অলআউট করে অজিদের। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেরাও বিপর্যয়ে পড়ে। ৪ উইকেটে ৪৩ রান নিয়ে দিন শেষ করে তেম্বা বাভুমার দল। আজ বৃহস্পতিবার সেখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা।
গতকাল ফাইনাল শুরুর পরপর দলীয় ১৬ রানের মধ্যে উসমান খাজা ও ক্যামেরনকে গ্রিনকে ফিরিয়ে দেন গতি বোলার কাগিসো রাবাদা। অন্য প্রান্ত থেকে গতির ঝড় তোলা মার্কো ইয়ানসেন সাজঘরে ফেরান মারনাস লাবুশেন ও ট্রাভিস হেডকে।
২ উইকেট পতনের পর স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার ৭৯ রানের জুটিতে স্থিতি আনেন। দলের সংগ্রহ নিয়ে যান দেড়শর কাছাকাছি। ১১২ বলে ১০ বাউন্ডারিতে ৬৬ রান করে এইডেন মারক্রামের বলে আউট হয়ে যান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার স্মিথ। ওয়েবস্টার দলীয় ২১০ রানে বিদায় নেন ৭২ রান করে। তিনি রাবাদার শিকার হয়েছেন। স্মিথ ও ওয়েবস্টারের বিদায়ের মাঝে অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স আউট হয়েছেন।
ওয়েবস্টারের বিদায়ের পর আর মাত্র দুই ওভার টিকে ছিল অস্ট্রেলিয়া। ৫৬.৪ ওভারে ২১২ রান করে অলআউট হয়ে যায় অজিরা। রাবাদা ৫১ রানে ৫টি ও ইয়ানসেন ৪৯ রানে ৩টি উইকেট নেন।
পরে প্রোটিয়াদের জন্যও বদ্ধভূমি হয়ে ওঠে লর্ডস। শূন্য রানে মারক্রাম, ১৯ রানে রাইয়ান রিকেলটন, ২৫ রানে উইয়ান মুলডার ও ৩০ রানে ত্রিস্তান স্টাবসকে ফিরিয়েছেন অজি পেস বোলাররা। স্টার্ক ২টি এবং জস হ্যাজেলউড ও কামিন্স ১টি করে উইকেট নিয়েছেন। বাভুমা ৩৭ বলে ৩ ও ডেভিড বেডিংহ্যাম ৯ বলে ৮ রানে অপরাজিত থেকে আজ ফের ব্যাটিংয়ে নামছেন।










