কিংস ইলেভেন পাঞ্জাবকে গুঁড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ বৃহস্পতিবার পাঞ্জাবের মুল্লানপুরে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে বিরাট কোহলিদের দল।
আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবকে ১০১ রানে অলআউট করে দেন বেঙ্গালুরুর বোলররা। পাঞ্জাবের ইনিংসের আয়ু ছিল ১৪.১ ওভার। সর্বোচ্চ ২৬ রান করেন অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টয়নিস। ভারতীয় স্পিনার সুয়াশ শর্মা ও অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ৩টি করে উইকেট নেন। ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু।
প্রীতি জিনতার দল পাঞ্জাব ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে। শুক্রবার এলিমিনেটর ম্যাচে বিজয়ী দল রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের সঙ্গে খেলবে।
বেঙ্গালুরু ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল খেললেও শিরোপার নাগাল পাওয়া হয়নি। এবার সেই সুযোগ এসেছে কোহলিদের সামনে।










