এখন পর্যন্ত সাতটি দল পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএ) শিরোপার স্বাদ। এর মধ্যে একটি দলের এখন আর অস্তিত্ত্বই নেই। ডেকান চার্জার্স বিলুপ্ত দল। দুই সাবেক চ্যাম্পিয়ন আবার শুরু থেকে ছিল না। সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস আইপিএলের প্রথম আসর থেকে ১৮তম আসর পর্যন্ত প্রতিটিতে খেলেছে। তারা সম্মিলিতভাবে চারটি ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেনি। এবার সেই বদনাম ঘুচবে। তবে সেটি কার? কোন দল জিতবে আইপিএল শিরোপা?

বেঙ্গালুরু ও পাঞ্জাবের পাশাপাশি দিলি ক্যাপিটালসও কখনো শিরোপা জিততে পারেনি। এই ত্রয়ীকে নিয়ে সমর্থকদের দুঃখের যেন শেষ নেই। অবশেষে তিন দলের একটি শিরোপার স্বাদ পেতে চলেছে। আজ আহমেদাবাদ ফাইনালে মুখোমুখি হবে পাঞ্জাব ও বেঙ্গালুরু। যারাই জিতুক না কেন, শিরোপা উঠছে নতুন একটি দলের হাতে। পাঞ্জাব ও বেঙ্গালুরু অবশেষে ১৮তম বারের চেষ্টায় শিরোপা শিরোপা জিতে নেয়ার দ্বারপ্রান্তে।

আজ ফেভারিট হিসেবেই নামছে বেঙ্গালুরু। তারা কোয়ালিফায়ার-১ ম্যাচে পাঞ্জাবকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে। ওই ম্যাচে পাঞ্জাবকে মাত্র ১০১ রানে অলআউট করে দেয়ার পর ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রজত পতিদারের বেঙ্গালুরু। স্পিনার সুয়াশ শর্মা ১৭ রানে ৩টি ও অজি পেস বোলার জস হ্যাজেলউড ২১ রানে ৩টি উইকেট নেন। ওই দুজন আজও পাঞ্জাবের জন্য আতঙ্কের কারণ কিনা, এমন প্রশ্নের মুখে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, ‘আমি বলতে চাই যে, আমরা এখন পুরোপুরি ভিন্ন একটি উইকেটে খেলব। অবশ্যই টুর্নামেন্টজুড়ে তারা দুর্দান্ত বোলিং করেছে। যতটা দ্রুত সম্ভব মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। আসলে যতটা কঠিন পরিস্থিতিই হোক না কেন তা সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে।’