ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হলো রয়্যালরা, আর প্রথমবারের মতো আইপিএল ট্রফি উঠল ভারতীয় ক্রিকেট গ্রেট বিরাট কোহলির হাতে।

এর আগে ২০১১ ও ২০১৬ আসরের ফাইনালে হেরে যায় বেঙ্গালুরু। অবশেষে কোহলিদের হাতে উঠল মর্যাদাপূর্ণ আইপিএল ট্রফি।

মঙ্গলবার রাতে আহমেদাবাদে ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাঞ্জাবের শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। জস হ্যাজেলউডের করা ওভারের প্রথম দুটি বল ডট হওয়ার পর শেষ চার বল থেকে শশাঙ্ক সিং ২২ রান তুলে নিলেও ৬ রানের ঘাটতি থেকে যায়। ৭ উইকেটে ১৮৪ রান তুলতে সমর্থ হয় শ্রেয়াস আইয়ারের দল। শশাঙ্ক ৩০ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেও মাথা নিচু করে মাঠ ছাড়েন।

AP25154650458603

অন্য প্রান্তে ততক্ষণে উৎসব শুরু হয়ে যায়। দলটির সবচেয়ে বড় তারকা কোহলি হাঁটু ভাজ করে মাঠেই বসে পড়েন। তিনি আবেগে কাঁদছিলেন। এ কান্না আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর যে তার হাতে ধরা দিল আইপিএল শিরোপা।

এর আগে ব্যাট করতে নেমে কোহলি (৩৫ বলে ৪৩), লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জিতেশ শর্মা (১০ বলে ২৪) ও মায়াঙ্ক আগারওয়ালের (১৮ বলে ২৪) ব্যাটে ৯ উইকেটে ১৯০ রান তুলতে সমর্থ হয় বেঙ্গালুরু।