ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। এটা রাউন্ড রবিন লিগে দুই দলের শেষ ম্যাচ। শীর্ষ দুইয়ে চোখ রেখেই আজ মাঠে নামছে দুটি দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিট কাটতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। অবশ্য ম্যাচটি পরিত্যক্ত হলে এক পয়েন্ট নিয়ে পাঞ্জাব (১৭ পয়েন্ট) উঠে যাবে শীর্ষস্থানে, তখন মুম্বাই (১৬ পয়েন্ট) তিন কিংবা চারে থাকবে।
গত বুধবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। তখন তারা স্বপ্নেও ভাবেনি, শীর্ষ দুইয়ে থাকবে। অথচ আইপিএলের অনিশ্চয়তা তাদের সেই সম্ভাবনার সামনে দাঁড় করিয়েছে। শীর্ষ দল গুজরাট টাইটানসের টানা দুই হার এবং পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হার সুযোগ তৈরি করে দিয়েছে মুম্বাইকে। আজ সহজ সমীকরণ: জিতলেই শীর্ষ দুইয়ের টিকিট নিশ্চিত হবে।
১১ বছর পর প্লে-অফে উঠেছে পাঞ্জাব। আজ জিতলে প্রথম দল হিসেবে তারা শীর্ষ দুইয়ের টিকিট নিশ্চিত করবে। পাঞ্জাবের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ক্লান্তি। শনিবার জয়পুরে ২০৬ রান তুলেও দিল্লির কাছে হেরেছে তারা। সেই হারের ৪৮ ঘণ্টার মধ্যে আবার তারা মাঠে। অবশ্য জয়পুরে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো খেলবে বলে খানিকটা সুবিধাও পাবে শ্রেয়াস আইয়ারের দল।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২৪ সালে তলানিতে থেকে শেষ করে মুম্বাই। এবারও শুরুর দিকে বেশ কিছু ম্যাচে হেরেছে তারা। এরপর ঘুরে দাঁড়ায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এ লড়াইয়ে পান্ডিয়াই নেতৃত্ব দিচ্ছেন। রোহিত শর্মা ফর্ম ফিরে পেয়েছেন। সূর্যকুমার যাদব ধারাবাহিক আগের মতোই। বোলিংয়ে নেতৃত্ব দিয়ে চলেছেন জশপ্রীত বুমরাহ। আর মুম্বাইয়ের হয়ে এবারই প্রথম খেলা মিচেল স্যান্টনারও মূল্যবান অবদান রাখছেন। সব মিলে আত্মবিশ্বাসী এ দলটা শীর্ষ দুইয়ে ওঠার যোগ্য দাবিদার হয়ে উঠেছে।










